কলকাতা, ২১ মেঃ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী -কে শর্তসাপেক্ষ রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট। নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে উদ্দেশ্য করে করা বিতর্কিত মন্তব্যের মামলায় বৃহস্পতিবার শুনানিতে একাধিক শর্ত বেঁধে দেয় আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ জানিয়েছে, ৩০ জুলাই পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে গ্রেপ্তারের মতো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তবে আদালতের অনুমতি ছাড়া তিনি দেশ ছাড়তে পারবেন না এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে।
শুনানিতে অভিষেকের মন্তব্য নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে আদালত। বিচারপতি প্রশ্ন তোলেন, একজন তিনবারের সাংসদ ও সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক হয়ে কীভাবে তিনি এ ধরনের “দায়িত্বজ্ঞানহীন” মন্তব্য করতে পারেন। আদালতের পর্যবেক্ষণ, ভোটের ফল অন্যরকম হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ হতে পারত।
এদিন আদালত আরও নির্দেশ দেয়, পুলিশ যদি অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে, তাহলে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে। যদিও তদন্তে ভার্চুয়ালি হাজিরার আবেদন জানান তাঁর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, তদন্তের নামে অভিষেককে হেনস্তা করা হতে পারে। তবে সেই আবেদন খারিজ করে বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, তাঁকে সশরীরে হাজিরা দিতেই হবে।
শুনানির সময় রাজনৈতিক প্রসঙ্গও উঠে আসে। বিচারপতি মন্তব্য করেন, “আমাদের রাজনৈতিক ইতিহাস খুব ভালো কথা বলে না।” পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “মানুষ ২০২৬-এও ভালোর কথাই ভেবেছে।” এর উত্তরে বিচারপতি বলেন, “সেটা সময় বলবে।” এই মামলাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।






