শিলিগুড়ি, ২০ মে: মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে এসে উত্তরবঙ্গের মানুষকে প্রণাম জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বাগডোগরা বিমানবন্দরে নেমেই তিনি উত্তরবঙ্গবাসীকে বিজেপিকে বিপুল সমর্থন দেওয়ার জন্য শুভেচ্ছা জানান। বিমানবন্দরের বাইরে সকাল থেকেই ভিড় জমিয়েছিলেন বিজেপি কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রীকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সকলে। গাড়ি থেকে নেমে হাতজোড় করে উত্তরবঙ্গের মানুষকে নমস্কার জানান শুভেন্দু অধিকারী।
এদিন তাঁর সঙ্গে ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এবার থেকে প্রতি মাসে উত্তরবঙ্গে আসবে মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভা। শুধু প্রশাসনিক বৈঠক নয়, উন্নয়নের কাজ সরেজমিনে খতিয়ে দেখতেই এই উদ্যোগ বলে জানান তিনি।
শুভেন্দু অধিকারী বলেন, “ঘুরতে নয়, কাজ করতে উত্তরবঙ্গে আসব। উত্তরবঙ্গের মানুষের স্বপ্ন পূরণ করাই আমাদের লক্ষ্য।” পাশাপাশি তিনি জানান, প্রতি সপ্তাহে একদিন উত্তরকন্যায় বসবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সাধারণ মানুষের সঙ্গে দেখা করবেন তিনি। এরপর উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করবেন।
এদিন শিলিগুড়ির উত্তরকন্যায় পাঁচ জেলার বিধায়ক, পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, বর্ষা আসন্ন হওয়ায় বৈঠকে বিশেষ গুরুত্ব পেয়েছে বন্যা, হড়পা বান, ভূমিধস ও নদীভাঙনের মতো প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি। পাশাপাশি সড়ক যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা, চা বাগানের সমস্যা, বেআইনি নির্মাণ এবং জমি ও বালি-পাথর মাফিয়াদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েও আলোচনা হয়। এই বিষয়ে প্রশাসনকে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
উত্তরকন্যাকে পূর্ণমাত্রায় সক্রিয় করার বার্তাও দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, উত্তরবঙ্গের মানুষের প্রশাসনিক পরিষেবা পাওয়ার জন্য আর কলকাতার দিকে তাকিয়ে থাকতে হবে না। উত্তরবঙ্গেই প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হবে।
মুখ্যমন্ত্রী বলেন, “উত্তরবঙ্গের পূণ্যভূমিকে প্রণাম জানাই। ২০০৯ সাল থেকেই উত্তরবঙ্গ বিজেপিকে শক্তি জুগিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরবঙ্গের উন্নয়নের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।”
উত্তরকন্যায় যাওয়ার আগে শিলিগুড়ির বিজেপি জেলা পার্টি অফিসেও যান শুভেন্দু অধিকারী। পথে একাধিকবার তাঁর কনভয় থামতে দেখা যায়। গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের অভিবাদন গ্রহণ করেন তিনি। শিশুদের কোলে নেন, সমর্থকদের সঙ্গে হাত মেলান। জনজোয়ারের মধ্যেই তিনি পৌঁছন বিজেপি কার্যালয়ে। সেখানে দলের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা জানানো হয়।
দলীয় কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বার্তা দেন, উন্নয়নের পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। উত্তরবঙ্গের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করাই বিজেপি সরকারের মূল লক্ষ্য বলেও এদিন স্পষ্ট করে দেন তিনি।





