কলকাতা, ১৯ মেঃ রাজ্যে সরকার বদলের পর বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে নতুন বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, কোনও বেআইনি নির্মাণকে রেয়াত করা হবে না। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় বুলডোজার অভিযান শুরু হয়েছে। এবার সেই আবহেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর দুটি বাড়িতে পৌঁছল কলকাতা পুরসভার নোটিস।
সূত্রের খবর, ভবানীপুর বিধানসভার ৭৩ নম্বর ওয়ার্ডের ১২১, কালীঘাট রোড এবং ১৮৮এ হরিশ মুখার্জি রোডের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছে পুরসভা। অভিযোগ, ওই দুই ঠিকানায় প্ল্যান বহির্ভূত নির্মাণ রয়েছে। ইতিমধ্যেই বাড়িতে নোটিস টাঙিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, হরিশ মুখার্জি রোডের ‘শান্তিনিকেতন’ নামের বাড়িটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্যতম পরিচিত বাসভবন। সেখানে তিনি পরিবার নিয়ে থাকেন। অন্যদিকে কালীঘাট রোডের সম্পত্তিটি তাঁর মা লতা বন্দ্যোপাধ্যায়-এর নামে হলেও সেটিকে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর সম্পত্তি হিসেবে দেখানো হয়েছে বলে সূত্রের দাবি।
কলকাতা পুরসভার নোটিসে জানতে চাওয়া হয়েছে, ওই নির্মাণগুলির ক্ষেত্রে পুরসভার অনুমোদিত নকশা মানা হয়েছে কি না এবং অতিরিক্ত নির্মাণের জন্য অনুমতি নেওয়া হয়েছিল কি না। একইসঙ্গে জানানো হয়েছে, যদি বেআইনি অংশ থেকে থাকে তবে তা ৭ দিনের মধ্যে নিজ উদ্যোগে ভেঙে ফেলতে হবে। অন্যথায় পুরসভার পক্ষ থেকেই ভাঙার ব্যবস্থা করা হবে।
এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এ বিষয়ে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, নোটিস পাঠানোর বিষয়ে তিনি কিছু জানেন না এবং তাঁর সঙ্গে কোনওরকম আলোচনা হয়নি।
অন্যদিকে বিজেপি বিধায়ক তাপস রায় কটাক্ষ করে বলেন, “ফিরহাদ হাকিমকে এখন আর কেউ গুরুত্ব দিচ্ছে না।
তাই তিনিও কিছু জানতে পারছেন না। তবে যদি নোটিস পাঠানো হয়ে থাকে, সেটা একেবারে সঠিক পদক্ষেপ।”
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বেআইনি নির্মাণ ইস্যুতে এবার সরাসরি বিরোধী শিবিরের শীর্ষ নেতৃত্বের সম্পত্তিকেও নজরে আনছে প্রশাসন। ফলে এই ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তাপ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।





