মাথাভঙ্গা, ১৮ মেঃ মাথাভাঙ্গা শহরের শনিমন্দির মোড় এলাকায় রবিবার গভীর রাতে একটি ছোটো চার চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয় এবং গাড়ির চালক আহত হন। তবে, ঘটনার সময় লোকজন উপস্থিত না থাকায় কোনো প্রাণহানি ঘটেনি।
পুলিশ ও স্থানীয়দের জানা অনুযায়ী, রাত আনুমানিক ১ টার দিকে পশ্চিমপাড়া মোড়ের দিকে থেকে দ্রুতগতিতে আসা গাড়িটি বৃষ্টি ও স্লিপার রাস্তার কারণে নিয়ন্ত্রণ হারায়। গাড়িটি সোজাসুজি ধাক্কা মেরে দোকানে ঢুকে পড়ে। এতে দোকানের জানালা, আসবাবপত্র এবং পণ্যসহ অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়।
এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং আহত চালককে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করেন। পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে একটি দোকানের ক্ষতি সবচেয়ে বেশি। দোকান মালিকরা উপযুক্ত ক্ষতিপূরণের দাবি তুলেছেন। পুলিশ ঘটনাটির বিস্তারিত তদন্ত শুরু করেছে এবং এলাকাবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।





