শিলিগুড়ি, ২৩ মার্চঃ ফের নারী নিগ্রহের অভিযোগে গ্রেফতার এক যুবককে ঘিরে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে। ধৃতের নাম সর্ণেন্দু মণ্ডল (২৭), বাড়ি চয়নপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে মহিলাদের সঙ্গে অসদাচরণের একাধিক অভিযোগ উঠছিল।
অভিযোগ, অভিযুক্ত একটি স্কুটি নিয়ে শহরের বিভিন্ন অলিগলি ও অপেক্ষাকৃত নির্জন এলাকায় ঘুরে বেড়াত এবং একা চলাফেরা করা মহিলাদের লক্ষ্য করে অশালীন আচরণ করত। বিশেষ করে, মহিলাদের শরীরের বিভিন্ন অংশে স্পর্শ করার মতো জঘন্য কাজ করত বলে অভিযোগ উঠেছে।
সর্বশেষ ঘটনা ঘটে হাকিমপাড়া এলাকায়। সেখানে এক কলেজছাত্রীর সঙ্গে একই ধরনের অসদাচরণের অভিযোগ ওঠে। ঘটনার পর ১৯ তারিখ শিলিগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই অভিযোগ প্রকাশ্যে আসতেই আরও কয়েকজন মহিলা একই ধরনের অভিজ্ঞতার কথা জানান।
পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে শনাক্ত করতে সক্ষম হয়। এরপর গতকাল রাত প্রায় সাড়ে ৯টা নাগাদ জলপাইমোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে শিলিগুড়ি মহিলা থানার পুলিশ।
আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং তার বিরুদ্ধে আরও কোনও অভিযোগ রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।
এই ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ, বিশেষ করে মহিলারা। পুলিশ আশ্বাস দিয়েছে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং শহরের নিরাপত্তা আরও জোরদার করা হবে।





