আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

চুরি দেখে ফেলেছিল দুই পড়ুয়া! মুখ বন্ধ রাখতে ‘উপহার’ দুই সাইকেল, শীতলকুচির স্কুলে চাঞ্চল্য

Published on: November 21, 2026
---Advertisement---

শীতলকুচি, ২১ নভেম্বরঃ সাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়ে যাওয়ার ভয়! আর সেই ভয় থেকেই কি প্রত্যক্ষদর্শী দুই পড়ুয়ার মুখ বন্ধ রাখতে তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল দু’টি সাইকেল? সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে তোলপাড় শীতলকুচি। খলিসামারি পঞ্চানন স্মৃতি বিদ্যাপীঠের স্টোররুম থেকে একের পর এক সাইকেল উধাও হওয়ার ঘটনায় তদন্তে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, চুরির ঘটনা দেখে ফেলেছিল দুই ছাত্র। তাদের যাতে বিষয়টি বাইরে প্রকাশ না করে, সে জন্যই সাইকেল দিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টা করা হয়েছিল।

বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি স্কুলের স্টোররুম থেকে সারথি প্রকল্পের একাধিক সাইকেল নিখোঁজ হয়ে যায়। পড়ুয়াদের জন্য বরাদ্দ ওই সাইকেলগুলি কী ভাবে স্কুলের স্টোররুম থেকে উধাও হল, তা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠতে শুরু করে। বিষয়টি জানাজানি হতেই নড়েচড়ে বসে বিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত এবং চুরি যাওয়া সাইকেল উদ্ধারের দাবিতে শীতলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এর পরেই শুরু হয় খোঁজখবর। আর সেই সূত্র ধরেই সামনে আসে আরও বিস্ময়কর তথ্য। অভিযোগ, কয়েকজন পড়ুয়া যখন স্টোররুম থেকে সাইকেল সরাচ্ছিল, তখন ঘটনাটি দেখে ফেলে অন্য দুই ছাত্র। চুরির বিষয়টি প্রকাশ্যে চলে আসার আশঙ্কায় ওই দুই ছাত্রকে দু’টি সাইকেল দেওয়া হয়েছিল বলে অভিযোগ। অর্থাৎ, চুরির সাক্ষী হয়ে যাওয়ার ‘পুরস্কার’ হিসাবেই তাদের হাতে সাইকেল তুলে দেওয়া হয়েছিল কি না, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

পরবর্তীতে ওই দুই ছাত্রের কাছ থেকে সাইকেল উদ্ধারের চেষ্টা করতে গিয়েই বিষয়টি আরও স্পষ্ট হয়। ইতিমধ্যেই বিদ্যালয়ের স্টোররুম থেকে চুরি যাওয়া একাধিক সাইকেল উদ্ধার হচ্ছে বলে জানা গিয়েছে। ঘটনায় বিদ্যালয়ের অন্দরেই তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। পড়ুয়াদের একাংশের এমন কাজে জড়িয়ে পড়ার অভিযোগে উদ্বিগ্ন শিক্ষক-শিক্ষিকারাও।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ বর্মন জানান, ঘটনার সঙ্গে জড়িতরা নিজেদের ভুল স্বীকার করেছে। ভবিষ্যতে এমন কাজ আর করবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছে তারা।

তবে এই ঘটনায় কয়েকটি প্রশ্ন থেকেই যাচ্ছে। স্কুলের স্টোররুম থেকে কী ভাবে একের পর এক সাইকেল সরানো হল? নিরাপত্তার দায়িত্বে গাফিলতি ছিল কি না? আর এই ঘটনার পিছনে ঠিক কারা রয়েছে? সারথি প্রকল্পের সাইকেল চুরির ঘটনা ঘিরে সেই সব প্রশ্নের উত্তর খুঁজছেন স্থানীয় বাসিন্দা থেকে অভিভাবক সকলেই। পড়াশোনার আঙিনায় এমন ঘটনার অভিযোগে স্বাভাবিক ভাবেই উদ্বেগ বেড়েছে এলাকায়।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment