দিনহাটা, ১২ এপ্রিলঃ রবিবাসরীয় প্রচারে দিনহাটা শহরে নিজেদের এগিয়ে নিতে মরিয়া তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টির দুই প্রার্থী। এদিন সকাল থেকেই সাধারণ মানুষের আশীর্বাদ পেতে দুয়ারে দুয়ারে পৌঁছে যান তাঁরা।সকালে দিনহাটা শহরের ১৬ নম্বর ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের মধ্য দিয়ে ভোট প্রচার শুরু করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী উদয়ন গুহ।
অপরদিকে শহরের ৭ নম্বর ওয়ার্ডে প্রচার চালান বিজেপি প্রার্থী অজয় রায়।দুই প্রার্থীকেই দেখা গেছে, প্রবীণদের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করতে, কচিকাঁচাদের আদর করতে এবং নানা বয়সি মানুষের সঙ্গে সৌজন্য বিনিময় করতে।প্রচারের কৌশলেও ভিন্নতা এনেছেন তাঁরা।তৃণমূল প্রার্থী উদয়ন গুহ বিভিন্ন উন্নয়নের খতিয়ান তুলে ধরে এবং অসমাপ্ত কিছু উন্নয়ন কাজ শেষ করতে মানুষের কাছে ভোট চাইছেন।
অন্যদিকে, বিজেপি প্রার্থী অজয় রায় শাসক দলের দুর্নীতি তুলে ধরার পাশাপাশি মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের শপথ নিয়ে ভোটারদের সমর্থন কামনা করছেন। উভয় শিবিরের এই অভিনব উদ্যোগ ও তৎপরতায় রবিবাসরীয় প্রচারে দিনহাটার রাজনীতি যেন তুঙ্গে পৌঁছেছে।





