শিলিগুড়ি, ৮ ফেব্রুয়ারিঃ শহরের মানুষের সঙ্গে বন্ধনের সেতু গড়ে তুলতে এবং নিরাপদ যাত্রার বার্তা ছড়িয়ে দিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে ঘুঘুমারী মাঠে আয়োজন করা হয় ‘ফ্রেন্ডশিপ কাপ’ ভলিবল টুর্নামেন্ট। ক্রীড়ার মাধ্যমে সামাজিক সচেতনতা বাড়াতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসিপি ত্রিদিব সরকার, এসিপি অনির্বাণ মজুমদার, আশিঘর সাব ট্রাফিক গার্ডের ওসি তনয় সরকার সহ ট্রাফিক বিভাগের বিভিন্ন থানার আধিকারিকরা। খেলোয়াড়দের উৎসাহিত করতে এবং অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরতে তাঁরা বক্তব্য রাখেন।
এসিপি অনির্বাণ মজুমদার জানান, এই ফ্রেন্ডশিপ কাপ কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং মানুষের মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা এবং পারস্পরিক বোঝাপড়ার আবেগ গড়ে তোলার একটি মাধ্যম। তাঁর কথায়, খেলাধুলার মাধ্যমে সমাজের সঙ্গে আরও কাছাকাছি আসাই পুলিশের অন্যতম লক্ষ্য।
তিনি আরও বলেন, এই টুর্নামেন্টের মূল বার্তা ‘সেভ ড্রাইভ, সেভ লাইফ’। নিরাপদভাবে গাড়ি চালানো এবং ট্রাফিক নিয়ম মেনে চলার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতেই এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এই ভলিবল টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করেছে। এর মধ্যে সাতটি দল শহরের বিভিন্ন এলাকার প্রতিনিধিত্ব করছে এবং একটি দল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে অংশ নিয়েছে।প্রতিযোগিতাকে ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
ক্রীড়া আর সচেতনতার এই মিলিত উদ্যোগে শিলিগুড়িতে আবারও ইতিবাচক বার্তা ছড়াল ট্রাফিক পুলিশ—নিরাপদ পথচলা ও মানুষের সঙ্গে বন্ধুত্বই যে তাঁদের মূল লক্ষ্য, তা আরও একবার স্পষ্ট করে দিল এই ফ্রেন্ডশিপ কাপ।





