খবরিয়া ২৪ ডেস্ক, ৭ ফেব্রুয়ারিঃ আজ, শুক্রবার এসআইআর শুনানি পর্বের শেষ দিন। কিন্তু শেষ লগ্নেও রাজ্যের বেশ কয়েকটি জেলায় এখনও সম্পূর্ণ হয়নি শুনানি প্রক্রিয়া। এই পরিস্থিতিতে উত্তর কলকাতা, মালদা ও দক্ষিণ ২৪ পরগনা এই তিন জেলায় এসআইআর যাচাই ও শুনানির সময়সীমা বাড়ানোর আবেদন জমা পড়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। বিষয়টি ভারতের নির্বাচন কমিশনকে জানাতে নয়াদিল্লিতে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের সিইও মনোজ আগরওয়াল।
সূত্রের খবর, এই তিন জেলা ছাড়া রাজ্যের অন্য কোনও জেলার জন্য সময়সীমা বৃদ্ধির আবেদন পাঠানো হবে না। অতীতে উত্তরপ্রদেশেও এসআইআরের বিভিন্ন পর্বে শুনানির সময়সীমা বাড়ানো হয়েছিল। সেই নজির মাথায় রেখেই বাংলার এই তিন জেলায় সময়সীমা বাড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, রাজ্যজুড়ে প্রায় ১ কোটি ৫১ লক্ষ ভোটারের কাছে শুনানির নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু গত ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় পাঁচ লক্ষ ভোটার শুনানি কেন্দ্রে হাজির হতে পারেননি। নির্ধারিত সময়ের মধ্যে তাঁরা হাজির না হলে তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। ফলে শেষ দিনে ভোটারদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
এরই পাশাপাশি রাজ্যের আসন্ন বিধানসভা ভোট এক দফায় হবে নাকি একাধিক দফায় তা নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, দিল্লির নির্বাচন কমিশন পরামর্শ চাইলে তিনি বাংলায় এক দফায় বিধানসভা ভোটের প্রস্তাব দেবেন। তাঁর মতে, অতীতে একাধিক দফায় ভোট হলেও রাজ্যে হিংসার ঘটনা পুরোপুরি ঠেকানো যায়নি। এক দফায় ভোট হলে পরিস্থিতি তুলনামূলক নিয়ন্ত্রণে থাকতে পারে।
প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস আগেও একাধিক দফায় ভোটের বিরোধিতা করেছে। এ বার বিজেপিও এক দফায় ভোটের পক্ষে বলে ইঙ্গিত দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সম্প্রতি দাবি করেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এক দফার বিকল্প নেই। সব মিলিয়ে এসআইআর ও ভোটের দফা দুই ইস্যুতেই রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চরম তৎপরতা চলছে।





