নিজস্ব সংবাদদাতা, কলকাতা: সাম্প্রতিক সময়ে রাজ্যে তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়ার একাধিক ঘটনা ঘিরে রাজনৈতিক বিতর্কের আবহে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার স্বরাষ্ট্র দফতরের বাজেটের জবাবি ভাষণে তিনি স্পষ্ট জানিয়ে দেন, রাজনৈতিক প্রতিবাদের নামে ডিম ছোড়ার সংস্কৃতিকে তাঁর সরকার সমর্থন করে না। একই সঙ্গে ২০২১ সালে নন্দীগ্রামে তাঁর উপর হামলার ঘটনাও স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী।
বিধানসভায় শুভেন্দু বলেন, “বাংলার রাজনৈতিক সংস্কৃতিতে মতপার্থক্য থাকবে, আন্দোলনও হবে। কিন্তু ডিম ছোড়া বা এই ধরনের আচরণ বাংলার সংস্কৃতি নয়। আমরা এই ধরনের রাজনীতিকে সমর্থন করি না।”
গত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের একাধিক নেতা ও জনপ্রতিনিধিকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটেছে। কোথাও সাধারণ মানুষের বিক্ষোভ, কোথাও আবার বিজেপি কর্মী-সমর্থকদের প্রতিবাদের মধ্যে এই ধরনের ঘটনা সামনে এসেছে। সেই প্রেক্ষাপটেই বিষয়টি বিধানসভায় ওঠে।
মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে অতীতের প্রসঙ্গ টেনে বলেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় নন্দীগ্রামে তাঁর উপর হামলার ঘটনাও রাজ্যের রাজনৈতিক ইতিহাসে একটি কালো অধ্যায়। রাজনৈতিক বিরোধিতা গণতন্ত্রের অঙ্গ হলেও ব্যক্তিগত আক্রমণ বা হিংসার কোনও স্থান নেই বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের বার্তা দিয়ে শুভেন্দু জানান, রাজনৈতিক মতভেদ থাকলেও তা যেন কখনও হিংসা বা বিশৃঙ্খলার রূপ না নেয়, সেই দিকেই নজর দেওয়া হচ্ছে। তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিবাদের অধিকার সকলের রয়েছে, তবে সেই প্রতিবাদ শান্তিপূর্ণ ও আইনসম্মত হওয়াই কাম্য।
রাজ্যে রাজনৈতিক উত্তাপের আবহে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ডিম ছোড়ার ঘটনাগুলিকে কেন্দ্র করে ইতিমধ্যেই শাসক-বিরোধী তরজা তীব্র হয়েছে। তার মধ্যেই বিধানসভা থেকে রাজনৈতিক সৌজন্য ও গণতান্ত্রিক সংস্কৃতি বজায় রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।





