উত্তর ২৪ পরগনা, ২৮ এপ্রিলঃ উত্তর ২৪ পরগনার পানিহাটিতে সোমবার বিকেলে রাজনৈতিক উত্তেজনা চরমে ওঠে পথসভাকে কেন্দ্র করে। বিজেপি প্রার্থী রত্না দেবনাথের সভার মাঝেই সিপিএম কর্মী শ্রীলেখা মুখোপাধ্যায় ও তাঁর বাবা সুরজিৎ মুখোপাধ্যায়ের উপর হামলার অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাম নেতৃত্ব, অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহাজাতি সেন্ট্রাল মোড়ে বিজেপির পথসভা চলাকালীন সিপিএম প্রার্থীর সমর্থনে টোটো নিয়ে ঘটনাস্থলে পৌঁছন শ্রীলেখা ও তাঁর বাবা। অভিযোগ, টোটো সরানোকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের সঙ্গে তাঁদের বচসা বাধে। সেই সময় মঞ্চ থেকে সিপিএমকে কটাক্ষ করেন বিজেপি প্রার্থী। এরপর সিপিএমের ফ্লেক্স ছেঁড়া, মাইকের তার কেটে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। বাধা দিতে গেলে শ্রীলেখা ও তাঁর বাবাকে বেধড়ক মারধর করা হয় বলে দাবি। পাশাপাশি অশ্লীল গালিগালাজ ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ।
ঘটনার পর শ্রীলেখা মুখোপাধ্যায় খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, প্রচার করতে গিয়ে তাঁরা হামলার শিকার হয়েছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত তীব্র ভাষায় বিজেপিকে আক্রমণ করে বলেন, “নারী নিরাপত্তার কথা বললেও বাস্তবে তাদের চরিত্র এই ঘটনায় স্পষ্ট।”
যদিও বিজেপির পাল্টা দাবি, সভা চলাকালীন ইচ্ছাকৃতভাবে টোটো এনে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হয়। বিজেপি নেতা কৌশিক চট্টোপাধ্যায় বলেন, “মাইকের শব্দ কমাতে বলায় বচসা হয়। হামলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।”
ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে, পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়েছে নিন্দার ঝড়।





