কোচবিহার, ১২ মার্চঃ এস আই আর-এর নামে সাধারণ নাগরিকদের হেনস্থা করা হচ্ছে—এই অভিযোগ তুলে বৃহস্পতিবার কোচবিহারে বিক্ষোভ কর্মসূচি পালন করল এসইউসিআই (কমিউনিস্ট) পার্টি। এদিন কোচবিহার ঘাস বাজার সংলগ্ন এলাকা থেকে একটি মিছিল শুরু করে দলের কর্মী-সমর্থকরা। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে কোচবিহার জেলা শাসক দপ্তরের সামনে পৌঁছায়।
ডিএম অফিসের সামনে পৌঁছানোর পর পুলিশ মিছিল আটকানোর চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই সময় এসইউসিআই কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের একপ্রকার ধস্তাধস্তির ঘটনা ঘটে বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও দলের নেতৃত্বের মধ্যে বাকবিতণ্ডাও সৃষ্টি হয়।
বিক্ষোভকারীদের দাবি, এস আই আর-এর নামে সাধারণ মানুষের উপর অযথা চাপ সৃষ্টি করা হচ্ছে এবং বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। এই পরিস্থিতির প্রতিবাদেই তারা এদিন বিক্ষোভ ও মিছিলের আয়োজন করেছেন বলে জানান সংগঠনের নেতৃত্ব।
পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে এসইউসিআই (কমিউনিস্ট) পার্টির পক্ষ থেকে একটি প্রতিনিধিদল কোচবিহার জেলা শাসকের দপ্তরে গিয়ে একটি প্রতিনিধিমূলক ডেপুটেশন জমা দেয়। তাদের দাবি, বিষয়টি দ্রুত খতিয়ে দেখে প্রশাসন যেন সাধারণ মানুষের হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।





