কলকাতা, ১৬ জুলাইঃ রথযাত্রার পুণ্যলগ্নে কলকাতার ইসকন মন্দিরে হাজির হয়ে রথের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রথযাত্রার আচার-অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি নিজেই রাস্তা পরিষ্কার করে রথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে রথের দড়িতেও টান দেন তিনি। সাষ্টাঙ্গ প্রণাম জানান জগন্নাথদেবকে। সেখান থেকেই রাজ্যের স্কুলগুলিতে মিড-ডে মিল প্রকল্প নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার সকাল থেকেই রথযাত্রা উপলক্ষে কলকাতা ইসকনে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। নির্ধারিত সময়ে সেখানে পৌঁছে ইসকনের সন্ন্যাসীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মুখ্যমন্ত্রী। পুজোয় অংশ নেওয়ার পর ঐতিহ্য মেনে ঝাঁটা হাতে রাস্তা পরিষ্কার করে রথযাত্রার সূচনা করেন। এরপর রথের দড়ি টেনে উৎসবে শামিল হন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, “রথযাত্রায় উপস্থিত থাকতে পেরে আমি ধন্য। গীতার অমোঘ বাণী আমাদের জীবনের পথপ্রদর্শক। সমাজ ও জাতিকে কলুষমুক্ত করে অশুভের বিরুদ্ধে শুভর জয় হোক, এই প্রার্থনাই করি।”
এরপরই মিড-ডে মিল প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও ইসকনের হাতে স্কুলপড়ুয়াদের পুষ্টিকর খাদ্য বিতরণের দায়িত্ব দেওয়া হচ্ছে। তাঁর কথায়, “১ অগস্ট থেকে কলকাতা মহানগরের স্কুলগুলিতে মিড-ডে মিল সরবরাহ করবে ইসকন। ইতিমধ্যেই রাজ্য সরকার তাদের সঙ্গে যৌথভাবে কাজ শুরু করেছে।”
শুধু ইসকনই নয়, ভবিষ্যতে ভারত সেবাশ্রম সংঘ এবং রামকৃষ্ণ মিশনের সঙ্গেও রাজ্য সরকার বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে যৌথভাবে কাজ করবে বলেও জানান মুখ্যমন্ত্রী।
ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রশাসনের এই নতুন উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। একদিকে রথযাত্রার আবহ, অন্যদিকে শিক্ষা ও পুষ্টি প্রকল্পে ধর্মীয় ও সমাজসেবী সংগঠনগুলির অংশগ্রহণ দুইয়ের মিলিত বার্তা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।





