শিলিগুড়ি, ২২ মার্চঃ নির্বাচনের আগে প্রচারের তাপমাত্রা ক্রমশ বাড়ছে শিলিগুড়িতে। রবিবার জনসংযোগে জোর দিয়ে শহরের বিভিন্ন এলাকায় প্রচার চালালেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। সকাল থেকেই একাধিক ওয়ার্ডে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি এবং তাঁদের সমস্যার কথা শোনেন।
এদিনের প্রচারে পথচলতি মানুষ, স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করতে দেখা যায় শঙ্কর ঘোষকে। পাশাপাশি, প্রচারের সময় ধর্মীয় ও সাংস্কৃতিক বার্তা তুলে ধরার দিকেও বিশেষ গুরুত্ব দেন তিনি, যা সমর্থকদের মধ্যে উৎসাহ বাড়ায়।
প্রচারের ফাঁকেই তিনি জানান, শিলিগুড়িতে বড় ব্যবধানে জয়ের লক্ষ্য নিয়েই লড়াই করছে বিজেপি। তাঁর দাবি, দিন যত এগোচ্ছে ততই সাধারণ মানুষের সমর্থন বাড়ছে এবং সেই ইতিবাচক সাড়াই তাঁকে আরও আত্মবিশ্বাসী করে তুলছে।
এদিনের এই কর্মসূচিকে ঘিরে শহরের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। ভোট যত এগিয়ে আসছে, ততই শাসক ও বিরোধী শিবিরের প্রচারে বাড়ছে তৎপরতা। রবিবারের এই জনসংযোগ কর্মসূচি শিলিগুড়ির নির্বাচনী আবহকে আরও উষ্ণ করে তুলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।





