শিলিগুড়ি, ৩ জানুয়ারিঃ শিলিগুড়িতে ফের ভর্তির ফি বাড়তি নেওয়ার অভিযোগে উত্তাল হয়ে উঠল স্কুল চত্বর। শনিবার সকালে শিলিগুড়ির শক্তিগড় বালিকা বিদ্যালয়ে ভর্তির ফি বেশি নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভে সামিল হন ছাত্রীরা ও অভিভাবকরা। অভিযোগ, শিক্ষা দপ্তরের সরকারি নির্দেশ অনুযায়ী ভর্তির ফরমের নির্ধারিত মূল্য যেখানে ২৪০ টাকা, সেখানে স্কুল কর্তৃপক্ষ সেই নিয়ম মানছে না এবং অতিরিক্ত অর্থ আদায় করছে।
এই অভিযোগকে কেন্দ্র করেই সকাল থেকেই শক্তিগড় গার্লস স্কুলের সামনে জড়ো হন অভিভাবকরা। তাঁদের সঙ্গে যোগ দেয় স্কুলের ছাত্রীরাও। বিক্ষোভকারীদের অভিযোগ, শিক্ষা দপ্তরের নির্ধারিত ফি কাঠামোকে সম্পূর্ণ উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের উপর অযথা আর্থিক চাপ সৃষ্টি করছে। তাঁদের মতে, এই ধরনের ফি আদায় সম্পূর্ণ অনৈতিক এবং নিয়মবিরুদ্ধ।
বিক্ষোভস্থলে উপস্থিত হয়ে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (AIDSO)-এর সদস্যরাও স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অবিলম্বে ভর্তির নামে অতিরিক্ত টাকা আদায় বন্ধ করতে হবে। পাশাপাশি ইতিমধ্যেই যাঁদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়া হয়েছে, তা দ্রুত ফেরত দেওয়ার দাবিও তোলা হয়।
অভিভাবক ও ছাত্রীরা জানান, এই বিষয়টি নিয়ে একাধিকবার স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছে। কিন্তু প্রতিবারই কোনও স্পষ্ট উত্তর বা সমাধান পাওয়া যায়নি। ফলে বাধ্য হয়েই তাঁরা রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছেন বলে দাবি বিক্ষোভকারীদের।
তাঁদের আরও হুঁশিয়ারি, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে আগামী দিনে আন্দোলনের পরিধি আরও বাড়ানো হবে। যদিও এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গোটা ঘটনার দিকে এখন শিক্ষা দপ্তর ও প্রশাসনের পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন অভিভাবক ও ছাত্রীরা।





