আলিপুরদুয়ার, ২৮ এপ্রিল : সকাল হতেই চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ার জেলার দক্ষিণ লতাবাড়ি এলাকায়। জঙ্গল থেকে হঠাৎই একটি বাইসন গ্রামে ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীদের দাবি, সকালবেলা হঠাৎ করেই বাইসনটিকে গ্রামে দৌড়ঝাঁপ করতে দেখা যায়। বিশাল আকৃতির এই বন্যপ্রাণীকে এদিক-ওদিক ছুটে বেড়াতে দেখে ভয়ে অনেকেই ঘরবন্দি হয়ে পড়েন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাইসনটি কখনও বাড়ির সামনে, কখনও আবার চাষের জমির মধ্য দিয়ে দ্রুত গতিতে ছুটে বেড়াচ্ছে। ফলে যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। গ্রামবাসীরা আতঙ্কে বাইরে বেরোতে সাহস পাচ্ছেন না। বিশেষ করে শিশু ও বয়স্কদের নিয়ে উদ্বেগ বেড়েছে পরিবারের সদস্যদের মধ্যে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নিমতি রেঞ্জের বনদপ্তরের কর্মীরা। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। বনকর্মীরা জানিয়েছেন, বাইসনটিকে নিরাপদে জঙ্গলে ফিরিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা নেওয়া হচ্ছে। প্রয়োজনে ট্রাঙ্কুলাইজার ব্যবহার করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তারা।
বনদপ্তরের পক্ষ থেকে এলাকাবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ যাতে বাইসনের কাছে না যায় বা উত্যক্ত না করে, সেই আবেদন জানানো হয়েছে। পাশাপাশি, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাড়ির বাইরে অযথা না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।এই ঘটনায় গোটা এলাকায় চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তবে বনদপ্তরের তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলেই আশা করছেন স্থানীয় বাসিন্দারা।





