মালদা, ২৪ ডিসেম্বরঃ মালদা জেলার মনোহরপুর মুচিয়া এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তে বুধবার হিন্দু সনাতনী সমাজের পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। খোল ও করতাল হাতে নিয়ে বিক্ষোভকারীরা বাংলাদেশের হিন্দু সনাতনীদের উপর চলা অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা সাম্প্রতিক ঘটনায় নিহত দিপু দাসের হত্যার তীব্র নিন্দা করে এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি তোলে।
বিক্ষোভ চলাকালীন “হিন্দু হিন্দু ভাই ভাই”, “বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ করো”, “দিপু দাসের হত্যার বিচার চাই” সহ একাধিক প্রতিবাদী স্লোগান দেওয়া হয়। বিক্ষোভকারীদের বক্তব্য, প্রতিবেশী দেশে সংখ্যালঘু হিন্দুদের উপর যে নির্যাতন চলছে, তা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের শামিল। এই পরিস্থিতিতে ভারত সরকার ও আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করা জরুরি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তিপূর্ণভাবে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয় এবং সীমান্ত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বিক্ষোভকারীরা জানান, তাদের আন্দোলন কোনওভাবেই হিংসাত্মক নয়, বরং ন্যায়বিচার ও মানবাধিকারের পক্ষে এক নৈতিক প্রতিবাদ।
বিক্ষোভ শেষে সংগঠকদের পক্ষ থেকে জানানো হয়, দিপু দাসের হত্যার সঠিক তদন্ত ও দোষীদের কঠোর শাস্তি না হওয়া পর্যন্ত তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।





