দিনহাটা, ২৪ ডিসেম্বরঃ – দিনহাটা মাসানকুড়ায় বামনহাট- আলিপুরদুয়ার প্যাসেঞ্জার ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে পড়ার ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে ট্রেনটি মাসানকুড়া এলাকায় আটকে যায়।
বামনহাট থেকে আলিপুরদুয়ার উদ্দেশ্যে ট্রেনটি যাত্রা শুরু করেছিল। মাসানকুড়ায় পৌঁছাতেই ট্রেনের উপরের প্যান্টোগ্রাফ হঠাৎ ভেঙে পড়ে।এর ফলে ট্রেনটি বিদ্যুৎবিহীন হয়ে যায়। বিদ্যুতের সম্ভাব্য শর্ট সার্কিট বা দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে পড়েন।
কোনো প্রকার প্রাণহানি বা গুরুতর আহতের খবর নেই বলে রেল সূত্রে জানানো হয়েছে।ঘটনার পর থেকেই ট্রেনটি মাসানকুড়া এলাকায় চলাচল বন্ধ করে দাঁড়িয়ে রয়েছে।যদিও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানা গেছে।





