কলকাতা, ১৭ অক্টোবরঃ আর জি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালতের এই নির্দেশের পরই তদন্তকারী সংস্থা সিবিআইকে নিশানা করলেন অভয়ার বাবা শেখর দেবনাথ। তাঁর অভিযোগ, তদন্তের কাজে গাফিলতি থাকলে সাধারণ মানুষের ভরসা নষ্ট হবে। একই সঙ্গে জানিয়ে দিলেন, তদন্তকারী সংস্থাকে শেষ পর্যন্ত জবাব দিতেই হবে।
সন্দীপের জামিনের খবর সামনে আসতেই ক্ষোভ প্রকাশ করেন অভয়ার বাবা। সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “যে সংস্থা কাজ করলে টাকা পায়, না করলে ঘুষ পায়। তাদের নিয়ে কিছু বলব না।” তাঁর দাবি, এ বিষয়ে মনীষ উপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, তাঁদের কিছু করার নেই, সময় লাগবে।
রাজ্যে বর্তমানে বিজেপি সরকার। অভয়ার মা রত্না দেবনাথও বিজেপির বিধায়ক। তা হলে এই পরিস্থিতিতে সরকারের ভূমিকা কী? এই প্রশ্নের উত্তরে অভয়ার বাবার বক্তব্য, সিবিআই একটি স্বাধীন তদন্তকারী সংস্থা। তাই ঠিকমতো তদন্ত না হলে সরকারকে সরাসরি দায়ী করা যায় না। তবে তদন্তের অগ্রগতি নিয়ে জবাবদিহি করতে হবে সংশ্লিষ্ট সংস্থাকেই। ধর্ষণ-খুনের মামলাতেও সন্দীপের বিরুদ্ধে চার্জশিটের দাবি করেছেন তাঁরা বলে জানান তিনি।
সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর জি কর হাসপাতালে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠার পর ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁকে গ্রেফতার করে সিবিআই। সেই মামলায় দীর্ঘ দু’বছরেরও বেশি সময় ধরে বন্দি ছিলেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ। কলকাতা হাই কোর্টে জামিনের আবেদন খারিজ হওয়ার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি।
শুক্রবার বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করে। আদালতের পর্যবেক্ষণ, ১৪৭ জন সাক্ষীর মধ্যে এখনও পর্যন্ত মাত্র সাত জনের সাক্ষ্যগ্রহণ সম্পূর্ণ হয়েছে। দীর্ঘ বন্দিদশা এবং বিচারপ্রক্রিয়ার ধীরগতির কথা বিবেচনা করেই জামিনের নির্দেশ দেয় শীর্ষ আদালত।
তবে আর্থিক দুর্নীতি মামলায় জামিন পাওয়া মানেই অভিযোগ থেকে অব্যাহতি নয়। মামলার বিচারপ্রক্রিয়া এখনও বাকি। অন্যদিকে, সন্দীপের জামিনকে কেন্দ্র করে ফের তদন্তের গতি ও সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অভয়ার বাবা। ন্যায়বিচারের দাবিতে তাঁদের আন্দোলন কোন পথে এগোয়, এখন সেদিকেই নজর।





