আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

তিন বছরের বেশি একই জেলায় কর্মরত আধিকারিকদের সরানোর নির্দেশ, ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা

Published on: February 11, 2026
---Advertisement---

কলকাতা, ১১ ফেব্রুয়ারিঃ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদলের নির্দেশ দিল নির্বাচন কমিশন। একই জেলায় তিন বছরের বেশি সময় ধরে কর্মরত আধিকারিকদের বদলি করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই মর্মে রাজ্যের মুখ্যসচিবের কাছে নির্দেশ পাঠিয়েছে কমিশন।

নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, বিডিও, মহকুমা শাসক (এসডিও), জেলাশাসক (ডিএম), অতিরিক্ত জেলাশাসক (এডিএম) সহ জেলা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত আধিকারিকদের বদলি করতে হবে। একইসঙ্গে পুলিশ প্রশাসনের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। এসপি, অতিরিক্ত পুলিশ সুপার, আইজি, ডিআইজি-সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের ক্ষেত্রেও বদলির নির্দেশ দেওয়া হয়েছে। তবে সদর দপ্তরে কর্মরত আধিকারিকদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না বলে জানা গেছে।

নির্দেশিকায় আরও উল্লেখ করা হয়েছে, গত বিধানসভা নির্বাচনের সময় যাঁরা জেলাশাসক, রিটার্নিং অফিসার বা পুলিশ ইনস্পেক্টর পদে যে জেলায় দায়িত্বে ছিলেন, এবার সেই একই জেলায় তাঁদের নিয়োগ করা যাবে না। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ বলে কমিশন সূত্রে জানা গেছে।
এদিকে, রাজ্য প্রশাসনের তরফে ইতিমধ্যেই প্রয়োজনীয় তথ্য নির্বাচন কমিশনের কাছে পাঠানো শুরু হয়েছে। মঙ্গলবার নবান্নের পক্ষ থেকে প্রায় ৮,৫০৫ জন গ্রুপ-বি কর্মীর তালিকা কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

অন্যদিকে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াও শেষ পর্যায়ে পৌঁছেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এর আগে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি প্রক্রিয়া চলবে। যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে মনে হচ্ছে, তাঁরা সংশ্লিষ্ট জেলাশাসকের কাছে আবেদন জানাতে পারবেন। সেখানে সমাধান না হলে সিইও দপ্তরেও আবেদন করার সুযোগ থাকবে।

ভোটের নির্ঘণ্ট কবে ঘোষণা করা হবে, তা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে প্রশাসনিক বদলির নির্দেশ এবং ভোটার তালিকা সংশোধনের শেষ পর্যায়ের কাজ শুরু হওয়ায় নির্বাচন ঘিরে প্রস্তুতি যে জোরকদমে চলছে, তা স্পষ্ট। রাজনৈতিক মহলও এখন নির্বাচন কমিশনের পরবর্তী ঘোষণার দিকেই তাকিয়ে রয়েছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment