আবদুল হাই, বাঁকুড়া: বাঁকুড়ার ইন্দাসের রাজখামার হাইস্কুলে ফলাফল প্রকাশের দিনটি পড়ুয়াদের কাছে আনন্দের বদলে পরিণত হল চরম হতাশা ও মানসিক যন্ত্রণার দিনে। রেজাল্ট প্রকাশ করা হলেও একাধিক ক্লাসের ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়নি তাদের মার্কশিট। কোথাও কেবল মুখে মুখে ফল জানিয়ে দেওয়া হয়েছে, আবার কোথাও কোনও লিখিত নথি ছাড়াই পড়ুয়াদের বাড়ি ফিরে যেতে বলা হয়।
বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর পরীক্ষার ফল জানতে এসে এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে মানসিকভাবে ভেঙে পড়ে বহু ছাত্রছাত্রী। স্কুল চত্বরে দেখা যায় চোখের জল আর চাপা নীরবতা। ফলাফলের লিখিত প্রমাণ না পাওয়ায় পড়ুয়াদের মধ্যে তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা, যা তাদের ভবিষ্যৎ পড়াশোনা ও পরবর্তী ভর্তি প্রক্রিয়া নিয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি করছে।
আরও উদ্বেগজনক বিষয় হল, এই ঘটনার দায় এড়িয়ে যাওয়ার প্রবণতা। কেন মার্কশিট দেওয়া হল না এই স্বাভাবিক প্রশ্ন তুলতেই প্রধান শিক্ষক কোনও স্পষ্ট জবাব না দিয়ে নীরবতা অবলম্বন করেন। তাঁর এই দায়িত্বজ্ঞানহীন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। একজন প্রধান শিক্ষকের কাছ থেকে এমন উদাসীনতা শুধু হতাশাজনক নয়, শিক্ষাব্যবস্থার প্রতি এক চরম অবমাননাও বটে বলে মনে করছেন সচেতন মহল।
অভিভাবকদের অভিযোগ, ছাত্রছাত্রীদের মানসিক অবস্থা, ভবিষ্যৎ এবং পরিবারের উদ্বেগ সবকিছুকেই কার্যত উপেক্ষা করেছে স্কুল প্রশাসন। এই ঘটনায় প্রশ্ন উঠছে, স্কুল কর্তৃপক্ষের অব্যবস্থা ও অযোগ্যতার খেসারত কি পড়ুয়াদেরই দিতে হল?
ঘটনার পর অবিলম্বে শিক্ষা দফতরের হস্তক্ষেপ, প্রকৃত কারণ প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। শিক্ষাপ্রতিষ্ঠানে এমন দায়িত্বহীনতা কোনওভাবেই গ্রহণযোগ্য নয় এই ঘটনাই তার জ্বলন্ত উদাহরণ বলে মত অভিভাবক ও স্থানীয়দের।





