জলপাইগুড়ি, ২৩ ডিসেম্বর : “জঙ্গলের বন্যপ্রাণীরা জঙ্গলেই সুন্দর”—এই প্রবাদ বাক্যটি যেন আজ বাস্তবতায় আর পুরোপুরি মানানসই নয়। জঙ্গলে পর্যাপ্ত খাবারের অভাবে ডুয়ার্সের বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত লোকালয়ে ঢুকে পড়ছে হাতির দল। গভীর রাতে খাবারের সন্ধানে গ্রামাঞ্চলে ঘোরাফেরা করে তারা, কিন্তু ভোরের আলো ফুটতেই লোকালয়ে আটকে পড়ে আতঙ্কের সৃষ্টি করছে।
এবার ঘটনাটি ঘটেছে নাগরাকাটা ব্লকের আংড়াভাষা গ্রাম পঞ্চায়েতের জ্বালাপাড়া এলাকায়। সেখানে একটি দল ছুট হাতি আটকে পড়ে। ঘটনার খবর মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়লে কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। বিষয়টি নজরে আসতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ডায়না রেঞ্জের বনকর্মীরা। তাঁরা স্থানীয় বাসিন্দাদের সচেতন করে নিরাপদ দূরত্বে সরিয়ে দেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
এদিকে ডুয়ার্সের বিভিন্ন চা বাগান ও জঙ্গল সংলগ্ন গ্রামগুলোতেও বারবার হাতির দল ঢুকে পড়ায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার মানুষ। বন ও লোকালয়ের এই সংঘাত ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠছে বলে মত স্থানীয়দের।





