কোচবিহার, ২১ সেপ্টেম্বরঃ সাফাই কর্মীদের অধিকার, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং ন্যায্য সুযোগ-সুবিধার দাবিকে সামনে রেখে কোচবিহারে গঠিত হল ‘অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘ’-এর নতুন জেলা কমিটি। রবিবার, ২০ সেপ্টেম্বর কোচবিহারে আয়োজিত এক সভায় নতুন কমিটির ঘোষণা করা হয়। সংগঠনের দাবি, উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে সাফাই কর্মীদের সংগঠিত করার পাশাপাশি তাঁদের সমস্যাগুলি প্রশাসনের সামনে তুলে ধরাই হবে নতুন কমিটির অন্যতম লক্ষ্য।
নবগঠিত কমিটির জেলা সভাপতি হয়েছেন রাজন হরিজন। সিনিয়র ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছেন মধু হরিজন। ওয়ার্কিং প্রেসিডেন্ট লাল বাদশা এবং জেলা সেক্রেটারি হয়েছেন রাজু বাসফোর।
এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের উত্তরবঙ্গ কমিটির সভাপতি সরজিৎ বাল্মীকি। বিশেষ অতিথি ছিলেন আলিপুরদুয়ার জেলা সভাপতি বিকি রাওয়াত। তাঁদের উপস্থিতিতেই কোচবিহার জেলা কমিটির নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
এ দিনের সভায় কোচবিহারের বিভিন্ন এলাকা থেকে সাফাই কর্মী এবং মহিলা সদস্যদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। কর্মক্ষেত্রে নিরাপত্তা, শ্রমিকদের মৌলিক অধিকার এবং তাঁদের প্রাপ্য সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সাফাই কর্মীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সংগঠনের মাধ্যমে তা তুলে ধরার বিষয়েও আলোচনা হয়েছে।
নতুন কমিটির নেতৃত্বের তরফে জানানো হয়, সাফাই কর্মীদের স্বার্থে সংগঠন ধারাবাহিক ভাবে কাজ করবে। কর্মীদের সমস্যা, নিরাপত্তা এবং সামাজিক মর্যাদার মতো বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে আগামী দিনে সংগঠনের পরিধি আরও বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে। কোচবিহারে নতুন জেলা কমিটি গঠনের মধ্য দিয়ে উত্তরবঙ্গে সংগঠনের সাংগঠনিক পরিকাঠামো আরও শক্তিশালী করার বার্তাই দেওয়া হল।





