কলকাতা, ৬ মার্চঃ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় বহু মানুষের নাম বাদ পড়ার অভিযোগে শুক্রবার ধর্মতলার মেট্রো চ্যানেল ডোরিনা ক্রসিংয়ে ধরনায় বসলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। দুপুর থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে তৃণমূল নেতৃত্ব ও বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
ধরনা মঞ্চে এসে অসুস্থতার মধ্যেও উপস্থিত হওয়া বিশিষ্ট সংগীতশিল্পী কবির সুমন-কে নিজে হাত ধরে বসান মুখ্যমন্ত্রী। একইভাবে যত্ন করে মঞ্চে ডেকে নেন কবি জয় গোস্বামী-কেও। তাঁদের উপস্থিতি কর্মসূচিতে বিশেষ গুরুত্ব যোগ করে।
এদিন ধরনা মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী, রাজ্যসভার প্রার্থী ও প্রাক্তন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার, সাংসদ বাবুল সুপ্রিয়ও সহ দলের একাধিক নেতা-নেত্রী। মঞ্চে ছিলেন শশী পাঁজা, সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, দোলা সেন, মালা রায়, শতাব্দী রায় এবং জুন মালিয়া প্রমুখ।
ধরনার মূল ইস্যু ছিল এসআইআর প্রক্রিয়ায় বহু ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ। মুখ্যমন্ত্রীর দাবি, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরও লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার অনিশ্চিত হয়ে রয়েছে। তাঁর বক্তব্য, প্রায় ৬৩ লক্ষের বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে এবং আরও প্রায় ৬০ লক্ষ মানুষের ভোটাধিকার বিচারাধীন।
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, যাঁদের নির্বাচন কমিশনের নথিতে মৃত দেখানো হয়েছে অথচ তাঁরা জীবিত, তাঁদের কয়েকজনকে এদিন মঞ্চে আনা হবে। তাঁর কথায়, “কমিশনের খাতায় মৃত ঘোষণা করা হলেও তাঁরা জীবিত। আমরা তাঁদের মঞ্চে হাজির করব, যাতে সবাই সত্যিটা দেখতে পারেন।”
এই কর্মসূচিকে কেন্দ্র করে ধর্মতলা এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। তৃণমূলের দাবি, সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার স্বার্থেই এই আন্দোলন। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, এটি সম্পূর্ণ রাজনৈতিক কর্মসূচি। ফলে বিষয়টি ঘিরে রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।





