কোচবিহার, ২৮ ফেব্রুয়ারিঃ ফের কোচবিহারে বিজেপির সংগঠনে ধস। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ১২২, ১১৩ ও ১১৪ নম্বর বুথ এলাকায় হাড়িভাঙ্গা অঞ্চলের শিমুলগুড়ি এলাকায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ৩৫টি পরিবার। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিকের হাত ধরে এই যোগদান সম্পন্ন হয়। রাজনৈতিক মহলের মতে, বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এলাকায় এই দলবদল তাৎপর্যপূর্ণ।
এদিন আয়োজিত এক যোগদান কর্মসূচিতে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি। উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃত্ব ও কর্মীরাও। দলীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত থাকলেও সাম্প্রতিক সময়ে সংগঠনের প্রতি একাংশের অসন্তোষ বাড়ছিল। সেই ক্ষোভের জেরেই এই গণযোগদান।
দলত্যাগী পরিবারগুলির দাবি, বিজেপির প্রতিশ্রুতি ও বাস্তব কাজের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। তাঁদের কথায়, এলাকায় উন্নয়নমূলক কাজের গতি মন্থর, পাশাপাশি সাধারণ মানুষের সমস্যার সমাধানে পর্যাপ্ত উদ্যোগ দেখা যায়নি। অন্যদিকে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প তাঁদের আকৃষ্ট করেছে। বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-র উদ্যোগে চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী ও রূপশ্রী প্রকল্প সাধারণ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে বলেই তাঁদের মত।
জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, “মানুষ উন্নয়নের পক্ষে। যারা এতদিন ভুল বুঝেছিলেন, তারাও এখন বাস্তব চিত্র উপলব্ধি করছেন। তাই স্বতঃস্ফূর্তভাবেই তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন।” তিনি নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, আগামী দিনে দলীয় সংগঠন আরও মজবুত হবে এবং এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।





