কলকাতা, ৬ মার্চঃ ধর্মতলার ধরনা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-র পাশে দাঁড়িয়ে বিজেপিকে কটাক্ষ করলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও প্রাক্তন সাংসদ কবীর সুমন। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে বিতর্কের মাঝেই তৃণমূলের ধরনা মঞ্চে উপস্থিত হয়ে তিনি মুখ্যমন্ত্রীর প্রতি সমর্থন জানান এবং ভোটাধিকার রক্ষার প্রশ্নে সরব হন।
একসময় সংসদের অলিন্দে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করতেন কবীর সুমন। কিন্তু সময়ের সঙ্গে সেই অবস্থানের বদল ঘটে। শুক্রবারের মঞ্চে দাঁড়িয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “বিজেপি হারছেই।” পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করে বলেন, বাংলার উন্নয়ন ও ভবিষ্যৎ নিয়ে যেভাবে ভাবনা ও কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা অনেকটা বিধান চন্দ্র রায় -এর স্বপ্নের মতো।
তবে একইসঙ্গে তিনি এও বলেন, “আমি মনেপ্রাণে তৃণমূল নই, আমার অনেক অভিযোগ আছে।” তবুও প্রশাসনিক সাফল্যের নিরিখে মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করেন তিনি। বিশেষ করে কলকাতার উন্নয়ন ও অবকাঠামোগত পরিবর্তনের কথা তুলে ধরেন সুমন।
ভোটার তালিকা সংক্রান্ত বিতর্কে তিনি বলেন, ভোটদান নাগরিকের মৌলিক অধিকার এবং সেই অধিকার কেউ কেড়ে নিতে পারে না। এই বিষয়েই তৃণমূলের আন্দোলনের প্রতি নিজের সংহতি জানান তিনি।
এদিন বক্তৃতার শেষে গানও শোনান প্রবীণ এই শিল্পী। প্রথমে গেয়ে ওঠেন ‘আজি বাংলাদেশের হৃদয় হতে’, পরে মুখ্যমন্ত্রীর অনুরোধে তাঁর কণ্ঠে শোনা যায় ‘পথে আবার নামো সাথী’।
৭৫ বছর বয়সেও সঙ্গীত জগতে সমান সক্রিয় রয়েছেন কবীর সুমন। বর্তমানে বাংলা খেয়াল ঘরানা নিয়ে কাজ করছেন তিনি। ধর্মতলার মঞ্চে তাঁর উপস্থিতি এবং বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলেও যথেষ্ট আলোচনা শুরু হয়েছে।





