খবরিয়া ২৪ ডেস্ক, ৫ ফেব্রুয়ারি: বিধানসভা নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেটে বিভিন্ন চুক্তিভিত্তিক ও পরিষেবা–সংক্রান্ত কর্মীদের জন্য একাধিক ঘোষণা করল রাজ্য সরকার। আশাকর্মী, সিভিক ভলান্টিয়ার, পার্শ্বশিক্ষক এবং অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের ভাতা মাসিক ১০০০ টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে।
বাজেট প্রস্তাবে জানানো হয়েছে, ভাতা বৃদ্ধির ফলে আশাকর্মীদের মাসিক ভাতা বেড়ে ৬ হাজার টাকা হবে। পাশাপাশি তাঁদের জন্য ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থাও করা হয়েছে। কর্মরত অবস্থায় কোনও আশাকর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।
সিভিক ভলান্টিয়ার এবং পার্শ্বশিক্ষকদের ভাতাও ১০০০ টাকা করে বাড়ানো হয়েছে। এই খাতে সিভিক ভলান্টিয়ারদের জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। একইভাবে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের ভাতা বৃদ্ধির পাশাপাশি তাঁদের মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। এই খাতে মোট ২৮০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
রাজ্য সরকারের দাবি, এই সিদ্ধান্তের ফলে লক্ষাধিক কর্মী ও তাঁদের পরিবার উপকৃত হবেন। তবে এই ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, নির্বাচনের কথা মাথায় রেখেই এই ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে এবং তা বাস্তবায়ন নিয়ে সংশয় রয়েছে।
সব মিলিয়ে ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে এই ঘোষণা রাজ্যের বিভিন্ন স্তরের কর্মীদের মধ্যে স্বস্তি এনে দিলেও রাজনৈতিক তরজা অব্যাহত রয়েছে।





