নয়াদিল্লী, ১ নভেম্বরঃ বিজেপিকে রুখতে দিল্লিতে এক মঞ্চে বিরোধীরা। অথচ বাংলার মাটিতে সেই ঐক্যের ছবিই যেন অধরা। রাজ্যে ক্ষমতা হারানোর পর বিজেপি-বিরোধী সমস্ত শক্তিকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই প্রস্তাবে প্রথম থেকেই আপত্তি জানিয়ে এসেছে বাম শিবির। রবিবার দিল্লির রামলীলা ময়দানে ‘ইন্ডি’ জোটের সমাবেশের আগে ফের সেই অবস্থান স্পষ্ট করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। আর তাতেই নতুন করে অস্বস্তিতে পড়ল বিরোধী জোটের সমীকরণ।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রবিবার রামলীলা ময়দানে জমায়েত হয়েছে বিরোধী শিবির। কর্মসূচির নেতৃত্বে রয়েছে কংগ্রেস। তৃণমূল, বাম-সহ বিভিন্ন বিরোধী দলের নেতৃত্বের উপস্থিতিতে জাতীয় স্তরে ঐক্যের ছবি তুলে ধরার চেষ্টা হচ্ছে। কিন্তু এই মঞ্চের বাইরেই বাংলার রাজনৈতিক সমীকরণ নিয়ে শুরু হয়েছে চাপানউতোর।
সাম্প্রতিক সময়ে সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবির মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠি ঘিরে বাম-তৃণমূলের সম্ভাব্য নয়া সমীকরণ নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। মনে করা হয়েছিল, বিজেপি-বিরোধী লড়াইয়ের স্বার্থে বাংলাতেও দুই শিবিরের দূরত্ব কিছুটা কমতে পারে। কিন্তু সুজন চক্রবর্তীর বক্তব্যে সেই সম্ভাবনায় কার্যত জল পড়ল। তাঁর অবস্থান স্পষ্ট, দিল্লিতে জাতীয় স্তরে জোট থাকলেও বাংলায় তৃণমূলের সঙ্গে কোনও সমঝোতার প্রশ্ন নেই।
বামেদের এই অবস্থানের সমালোচনা করেছে তৃণমূল। কালীঘাটের নেতা তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের প্রশ্ন, জাতীয় স্তরে সময়ের প্রয়োজনে একসঙ্গে আন্দোলন করা গেলে বাংলায় আপত্তি কোথায়? তাঁর বক্তব্য, শুধু দিল্লিতে ঐক্য দেখিয়ে রাজ্যে আলাদা অবস্থান নেওয়ার যুক্তি স্পষ্ট হওয়া প্রয়োজন। তবে কোনও শর্তসাপেক্ষ সমঝোতা কতটা কার্যকর হবে, সেই প্রশ্নও তুলেছেন তিনি।
বিতর্কে যোগ দিয়েছে বিজেপিও। তৃণমূল ও সিপিএমের সম্ভাব্য সমীকরণকে কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ। অন্যদিকে, রামলীলা ময়দানে বিরোধীদের জমায়েত নিয়ে বিদ্রূপ করেছেন বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ।





