খবরিয়া ২৪ ডেস্ক, ১৬ ডিসেম্বরঃ নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া ভোটার তালিকা ঘিরে এবার তীব্র বিতর্ক তৈরি হয়েছে। কমিশনের তালিকায় ‘মৃত’ ভোটারের নামে উঠে এল খোদ এক তৃণমূল কাউন্সিলরের নাম। ঘটনাটি প্রকাশ্যে আসতেই চরম ক্ষোভে ফেটে পড়েন ডানকুনি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্য দে। প্রতিবাদ জানাতে মঙ্গলবার সকালে অনুগামীদের নিয়ে তিনি সটান পৌঁছে যান স্থানীয় শ্মশানে।
পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকালে রাজ্যজুড়ে প্রকাশিত হয় খসড়া ভোটার তালিকা। এই তালিকায় প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। বাদ পড়া নামগুলির মধ্যে রয়েছে মৃত, স্থানান্তরিত, নিখোঁজ এবং ডুপ্লিকেট ভোটারদের নাম। তালিকা প্রকাশের পর থেকেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করে। তার মধ্যেই সামনে আসে এক চাঞ্চল্যকর ঘটনা ডানকুনির তৃণমূল কাউন্সিলর সূর্য দে-র নাম রয়েছে ‘মৃত’ ভোটারের তালিকায়।
জানা গেছে, খসড়া তালিকা প্রকাশের পরেই নিজের নাম খুঁজতে শুরু করেন সূর্য দে। তালিকা দেখে তিনি হতবাক হয়ে যান, কারণ সেখানে তাঁর নাম ‘মৃত’ হিসেবে নথিভুক্ত রয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই তীব্র ক্ষোভে ফেটে পড়েন তিনি। এরপরই প্রতিবাদ জানাতে অনুগামীদের সঙ্গে নিয়ে স্থানীয় শ্মশানে গিয়ে অবস্থান বিক্ষোভ করেন।
এই প্রসঙ্গে সূর্য দে বলেন, “নির্বাচন কমিশন আমাকে মৃত দেখিয়েছে। তাহলে এখানে এসে ওরা আমাকে পুড়িয়ে দিক। একজন জনপ্রতিনিধির নাম যদি এভাবে বাদ যায়, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী হতে পারে তা সহজেই বোঝা যায়।” তিনি আরও অভিযোগ করেন, বৈধ ভোটারদের নাম পরিকল্পিতভাবে বাদ দেওয়ার চক্রান্ত চলছে। সেই প্রতিবাদ জানাতেই তিনি শ্মশানে এসে এই প্রতীকী কর্মসূচি পালন করেছেন বলে জানান।
এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার থেকেই প্রতিটি বুথে বুথ লেভেল অফিসাররা (বিএলও) বসবেন। ভোটারদের সুবিধার্থে শনিবার ও রবিবারও তাঁরা উপলব্ধ থাকবেন। ভোটার তালিকা সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে সংশ্লিষ্ট বিএলও-র কাছে তা জানানো যাবে। তবে সেক্ষেত্রে আধার কার্ড সঙ্গে রাখার নির্দেশ দিয়েছে কমিশন।





