খবরিয়া ২৪ ডেস্ক, ৩১ ডিসেম্বরঃ বর্তমান সময়ে শেয়ার বাজার ও মিউচুয়াল ফান্ডে ওঠানামার মধ্যে ঝুঁকিমুক্ত বিনিয়োগের খোঁজে বহু মানুষ ভরসা রাখছেন ভারতীয় পোস্ট অফিসের সেভিংস স্কিমগুলির উপর। বিশেষ করে যারা নিশ্চিত রিটার্ন চান এবং স্ত্রী বা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান, তাঁদের কাছে পোস্ট অফিসের প্রকল্পগুলি এখন অন্যতম সেরা বিকল্প হয়ে উঠেছে। কারণ এই সমস্ত স্কিমে বিনিয়োগ করলে গ্যারান্টি দেয় খোদ ভারত সরকার।
ভারতীয় পোস্ট অফিসে একাধিক জনপ্রিয় সেভিংস স্কিম রয়েছে। এর মধ্যে টাইম ডিপোজিট স্কিম বিনিয়োগকারীদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয়। এই স্কিমে ন্যূনতম মাত্র ১,০০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করা যায় এবং সর্বোচ্চ বিনিয়োগের কোনও ঊর্ধ্বসীমা নেই। ১ বছর, ২ বছর, ৩ বছর ও ৫ বছরের জন্য এই স্কিমে টাকা রাখা যায়। বর্তমানে ১ বছরের টিডিতে ৬.৯ শতাংশ, ২ বছরের টিডিতে ৭.০ শতাংশ এবং ৫ বছরের টিডিতে সর্বোচ্চ ৭.৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে।
অনেকের মনেই প্রশ্ন থাকে, যদি স্ত্রী বা সন্তানের নামে পোস্ট অফিসে ১ লাখ টাকা রাখা হয়, তাহলে দু’বছর পরে কত টাকা পাওয়া যাবে? সেই প্রশ্নের উত্তরেই নজর কাড়ছে পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিম। বর্তমান সুদের হারে যদি কেউ ২ বছরের জন্য ১ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে মেয়াদ শেষে বার্ষিক ৭.০ শতাংশ সুদ অনুযায়ী মোট ১,১৪,৮৮৮ টাকা হাতে পাবেন। অর্থাৎ মাত্র দু’বছরেই সুদ হিসেবে মিলবে ১৪,৮৮৮ টাকা।
বিশেষজ্ঞদের মতে,স্বল্পমেয়াদি ও ঝুঁকিমুক্ত বিনিয়োগের জন্য পোস্ট অফিসের টিডি স্কিম অত্যন্ত কার্যকর। শিশু শিক্ষার খরচ, ভবিষ্যতের ছোটখাটো আর্থিক পরিকল্পনা বা সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে এই স্কিম বেশ উপযোগী। শেয়ার বাজারের ঝুঁকি এড়িয়ে নিরাপদ পথে নিশ্চিত রিটার্ন চাইলে পোস্ট অফিসের এই সরকারি প্রকল্পে বিনিয়োগ করাই বুদ্ধিমানের কাজ বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা।





