খবরিয়া ২৪ ডেস্ক, ২২ ফেব্রুয়ারিঃ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে রাজ্যের প্রতিটি জেলায় তিন সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, প্রতিটি জেলায় জেলা বিচারক, জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। তাঁদের মূল দায়িত্ব হবে নথি যাচাই প্রক্রিয়া সঠিকভাবে চলছে কি না, তা পর্যবেক্ষণ ও তদারকি করা। গত ২০ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশিকা অনুযায়ী এই পদক্ষেপ করা হয়েছে।
উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি এসআইআর প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেয় ভারতের সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানায়, মাইক্রো অবজার্ভার বা রোল অবজার্ভারের পরিবর্তে এবার থেকে আদালত নিযুক্ত জুডিশিয়াল অফিসাররাই নথি যাচাইয়ের দায়িত্বে থাকবেন। এই জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করবে কলকাতা হাই কোর্ট। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয়, তাঁদের নির্দেশই চূড়ান্ত বলে গণ্য হবে এবং তা সুপ্রিম কোর্টের নির্দেশ হিসেবেই মান্য করতে হবে।
এই প্রেক্ষিতে জুডিশিয়াল অফিসারদের সমস্ত ছুটি আগামী ৯ মার্চ পর্যন্ত বাতিল করা হয়েছে। যাঁরা ছুটিতে রয়েছেন, তাঁদের অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে স্বাস্থ্যজনিত কারণে ছুটিতে থাকা অফিসারদের ক্ষেত্রে ছাড় রাখা হয়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশের পর প্রধান বিচারপতি, সিইও মনোজকুমার আগারওয়াল ও মুখ্যসচিব নন্দনী চক্রবর্তীর বৈঠকের পরই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে আদালতের এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল।





