শিলিগুড়ি, ১২ মার্চঃ দেশজুড়ে রান্নার গ্যাসের সংকটের জেরে ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। তারই প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও। বাগডোগরায় গ্যাস না পাওয়া এবং অতিরিক্ত জিনিস কিনতে বাধ্য করার অভিযোগ ঘিরে বৃহস্পতিবার ব্যাপক উত্তেজনা ছড়ায় গ্যাস ডিলারের অফিসে।
অভিযোগ, দীর্ঘদিন ধরে বুকিং করার পরেও অনেক গ্রাহক সময়মতো গ্যাস পাচ্ছেন না। এদিন সকাল থেকেই বহু মানুষ গ্যাস নিতে ডিলারের অফিস ও ডিস্ট্রিবিউশন পয়েন্টে ভিড় করেন, কিন্তু অধিকাংশকেই খালি হাতে ফিরে যেতে হয়। ফলে ক্ষোভ বাড়তে থাকে সাধারণ গ্রাহকদের মধ্যে।
এই পরিস্থিতিতে দার্জিলিং জেলা কংগ্রেসের পক্ষ থেকে গ্যাসের মূল্যবৃদ্ধি ও সংকটের প্রতিবাদে মিছিল করে ডিলারের অফিসে বিক্ষোভ দেখানো হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ।
একাধিক গ্রাহকের অভিযোগ, গ্যাস ডেলিভারির সময় জোর করে অতিরিক্ত দামে পাইপ কিনতে বলা হচ্ছে। কেউ তা নিতে রাজি না হলে সিলিন্ডার ফেরত নিয়ে চলে যাওয়ার ঘটনাও ঘটছে বলে দাবি তাদের। ফলে অনেক বাড়িতেই এদিন রান্না করা সম্ভব হয়নি বলে অভিযোগ।
অন্যদিকে দার্জিলিং জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি অমিতাভ সরকার অভিযোগ করেন, এলাকায় গ্যাসের কালোবাজারি চলছে এবং গ্রাহকদের উপর জোর করে পাইপ চাপিয়ে দেওয়া হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দুদিনের মধ্যে এই পরিস্থিতির পরিবর্তন না হলে গ্যাস অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হবে। তবে এ বিষয়ে গ্যাস এজেন্সির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





