আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

তুফানগঞ্জে মাধ্যমিকের পরীক্ষা চলাকালীন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ; অল্পের জন্য রক্ষা পেল ২০২ পরীক্ষার্থী

Published on: February 2, 2026
---Advertisement---

কোচবিহার, ২ ফেব্রুয়ারিঃ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন পরীক্ষার্থীরা। কোচবিহারের তুফানগঞ্জ-১ ব্লকের নাককাটি গাছ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে সোমবার তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে পুলিশ ও প্রশাসনের তৎপরতায় এই ঘটনায় কোনও প্রাণহানির খবর নেই।

সোমবার নির্ধারিত সময়েই ওই পরীক্ষাকেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। নাককাটি গাছ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বালাভূত হাই স্কুল, বালাভূত বিদ্যাসাগর বিদ্যাপীঠ এবং কৃষ্ণপুর স্কুল এই তিনটি বিদ্যালয়ের মোট ২০২ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা চলাকালীন স্কুলের ক্যান্টিনে চা তৈরির সময় আচমকাই একটি গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়ায় গোটা স্কুল চত্বরে।

পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা দ্রুত সাহসিকতার পরিচয় দেন। জ্বলন্ত সিলিন্ডারটি টেনে স্কুল ভবনের বাইরে খোলা মাঠে নিয়ে যাওয়া হয়। ভিজে বস্তা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। তৎক্ষণাৎ তুফানগঞ্জ দমকল কেন্দ্রে খবর দেওয়া হয়। তবে দমকল বাহিনী পৌঁছনোর আগেই বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে আতঙ্কিত পরীক্ষার্থীরা পরীক্ষা ছেড়ে স্কুলের মাঠে বেরিয়ে আসে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তুফানগঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি, এসডিপিও কান্নেধারা মনোজ কুমার-সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। তাঁরা পরিস্থিতি পর্যালোচনা করে পরীক্ষার্থীদের আশ্বস্ত করেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দুলাল বসাক জানান, “পুলিশের তৎপরতায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। বিস্ফোরণটি ফাঁকা মাঠে হওয়ায় কেউ আহত হননি। পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষার্থীরা পুনরায় শান্তভাবে পরীক্ষা সম্পন্ন করে।” প্রশাসনের দ্রুত পদক্ষেপে বড়সড় বিপর্যয় এড়ানোয় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment