দিল্লি, ২০ নভেম্বরঃ সিনেমার পর্দায় রাবণের সঙ্গে জটায়ুর অসম লড়াই। সেই দৃশ্যই যেন নতুন করে প্রাণ ফিরিয়েছে রামায়ণের এক বিস্মৃত বীরকে। আর তার জেরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে কেরলের পাহাড়চূড়ায় দাঁড়িয়ে থাকা জটায়ুর বিশাল ভাস্কর্য। বলিউডের আসন্ন ছবি ‘রামায়ণ’ ঘিরে চর্চার মধ্যেই এবার জাতীয় স্তরে নজর কাড়ছে কেরলের ‘জটায়ু আর্থ সেন্টার’। সব ঠিক থাকলে এই পর্যটন কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, কেরলের কোল্লাম জেলার চাদায়ামঙ্গলমে অবস্থিত এই পর্যটন কেন্দ্র ঘিরে বিশেষ পরিকল্পনা করছে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক। কেন্দ্রীয় পর্যটন প্রতিমন্ত্রী সুরেশ গোপী জানিয়েছেন, প্রথমে সেখানে যেতে পারেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। তার পর প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনাও রয়েছে।
সুরেশ গোপীর বক্তব্য অনুযায়ী, সম্প্রতি জটায়ু আর্থ সেন্টারের স্রষ্টা রাজীব আঞ্চলের সঙ্গে সাক্ষাৎ করেছেন শেখাওয়াত। ওই বৈঠকে দিল্লি বিয়েনালে-তে জটায়ুর বিশাল ভাস্কর্য এবং তার পৌরাণিক তাৎপর্য তুলে ধরার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরেও আনা হয়েছে বলে জানিয়েছেন সুরেশ গোপী।
কিন্তু কী এমন বিশেষত্ব রয়েছে এই ভাস্কর্যে? পাহাড়ের মাথায় ডানা কাটা অবস্থায় পড়ে থাকা এক বিশাল শকুন। রামায়ণের সেই হৃদয়বিদারক মুহূর্তই পাথরের শরীরে ফুটিয়ে তুলেছেন শিল্পী। সীতাকে রাবণের হাত থেকে বাঁচাতে গিয়ে লঙ্কাধিপতির সঙ্গে ভয়ংকর যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন জটায়ু। শেষ পর্যন্ত রাবণের কাছে পরাজিত হয়ে ডানা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সেই আত্মত্যাগের স্মৃতিই যেন বহন করছে এই স্থাপত্য।
২০০৪ সালে অনুমোদন পাওয়া জটায়ু আর্থ সেন্টার প্রকল্পের পরিকল্পনা, নকশা ও নির্মাণের দায়িত্বে ছিলেন চলচ্চিত্র পরিচালক তথা ভাস্কর রাজীব আঞ্চল। ‘জটায়ু নেচার পার্ক’ নামেও পরিচিত এই কেন্দ্রটি শুধু পর্যটনস্থল নয়, পুরাণ, শিল্পকলা ও প্রকৃতির এক অনন্য মেলবন্ধন।
রামায়ণের কাহিনি হাজার বছরের পুরনো। কিন্তু সময়ের সঙ্গে তার আবেদন যে নতুন নতুন রূপে ফিরে আসে, জটায়ু আর্থ সেন্টার যেন তারই প্রমাণ। সিনেমার পর্দা থেকে এবার আন্তর্জাতিক শিল্পমঞ্চ জটায়ুর উড়ান কত দূর পৌঁছয়, সেটাই দেখার।





