শিলিগুড়ি, ২০ ফেব্রুয়ারিঃ শহরবাসীর জন্য পরিশ্রুত পানীয় জলের সরবরাহ নিশ্চিত করতে ‘আম্রুত টু’ প্রকল্পের কাজ জোরকদমে এগোচ্ছে শিলিগুড়ি-তে। কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে চলা এই প্রকল্পের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ জলাধারের ভিত্তিপ্রস্তর শুক্রবার স্থাপন করলেন মেয়র গৌতম দেব। প্রদীপ প্রজ্জ্বলন, নারকেল ফাটানো ও পূজা অর্চনার মধ্য দিয়ে সূচনা হয় নির্মাণকাজের। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার ও অন্যান্য পুর আধিকারিকরা।
৩২ নম্বর ওয়ার্ডের তিনবাত্তি মোড় সংলগ্ন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ দপ্তরের নির্দিষ্ট জমিতে গড়ে তোলা হবে এই জলাধার। মেয়র জানান, প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত এই জলাধারের ধারণক্ষমতা হবে ২৭ লক্ষ লিটার। নির্মাণকাজ সম্পূর্ণ হলে শিলিগুড়ি পুরসভার ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা সরাসরি উপকৃত হবেন।
পুর প্রশাসনের দাবি, প্রকল্পটি বাস্তবায়িত হলে শহর ও সংলগ্ন এলাকায় পরিশ্রুত পানীয় জলের সরবরাহ আরও সুদৃঢ় হবে। দ্রুত কাজ শেষ করে সাধারণ মানুষের হাতে উন্নত পরিষেবা তুলে দেওয়াই এখন লক্ষ্য।





