কোচবিহার, ১ জুনঃ নির্বাচনী প্রচারের সময় দেওয়া অন্যতম বড় প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে পদক্ষেপ নিল রাজ্যের নতুন বিজেপি সরকার। সরকার গঠনের পর প্রথম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে রাজ্যের মহিলাদের জন্য সরকারি বাসে ভাড়া মুকুবের ঘোষণা কার্যকর হয়েছে বলে জানা গিয়েছে। এর ফলে আজ থেকে মহিলারা বিনামূল্যে বাসে যাতায়াতের সুযোগ পাচ্ছেন।
সোমবার সকাল থেকেই কোচবিহার শহরের বিভিন্ন বাসে সেই চিত্র চোখে পড়ে। বহু মহিলা যাত্রী বিনা ভাড়ায় গন্তব্যে পৌঁছতে পেরে খুশি বলে জানান। কোচবিহার বাসস্ট্যান্ডে সকাল থেকেই যাত্রীদের মধ্যে এই নতুন ব্যবস্থাকে ঘিরে উৎসাহ লক্ষ্য করা যায়।
এদিকে, এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কোচবিহার জেলা বিজেপির পক্ষ থেকে বাসস্ট্যান্ড চত্বরে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। দলের নেতা-কর্মীরা উপস্থিত থেকে সরকারের এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তাঁদের দাবি, নির্বাচনের আগে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার ক্ষমতায় এসেই তা পূরণের উদ্যোগ নিয়েছে।
জেলা বিজেপি নেতৃত্বের বক্তব্য, মহিলাদের আর্থিক সাশ্রয় এবং গণপরিবহনে তাঁদের যাতায়াত আরও সহজ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের একাংশও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। নতুন এই ব্যবস্থার ফলে কর্মজীবী, ছাত্রী ও গৃহবধূ-সহ বিভিন্ন শ্রেণির মহিলারা সরাসরি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।





