কলকাতা, ১৩ জুলাইঃ দীর্ঘ দিনের জল্পনা শেষ। রাজনীতি আর সংবাদমাধ্যম দুই জগতের বহুচর্চিত সম্পর্ক রবিবার পেল সামাজিক স্বীকৃতি। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা ও সাংবাদিক স্বর্ণালী সরকার গঙ্গাবক্ষে ভাসমান বিলাসবহুল ‘পোলো ফ্লোটেল’-এ সাতপাকে বাঁধা পড়লেন। শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রাখা হয়েছিল বিয়ের আয়োজন। কিন্তু গায়ে হলুদের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় জোর চর্চা। সন্ধ্যায় বাঙালি রীতি মেনে সম্পন্ন হয় বিয়ে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, শিল্পমন্ত্রী তাপস রায়-সহ বিজেপির একাধিক নেতা এবং সাংবাদিক মহলের বিশিষ্ট ব্যক্তিরা।
দীর্ঘদিন ধরেই শঙ্কুদেব ও স্বর্ণালীর সম্পর্ক নিয়ে রাজনৈতিক ও সাংবাদিক মহলে গুঞ্জন ছিল। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে দু’জনেই কখনও প্রকাশ্যে মুখ খোলেননি। রবিবার সেই নীরবতারই অবসান হল।
কনের সাজে ছিল ঐতিহ্যের ছোঁয়া লাল বেনারসি, সোনার গয়না ও গোলাপের মালা। বরের পরনে লাল পাঞ্জাবি। এর আগে দুপুরে হলুদ শাড়ি ও ফুলের গয়নায় স্বর্ণালী এবং হলুদ পাঞ্জাবিতে শঙ্কুদেবের গায়ে হলুদের ছবি ভাইরাল হয়।
রাজনীতির পাশাপাশি চলচ্চিত্র পরিচালনাতেও সক্রিয় শঙ্কুদেব। সম্প্রতি তিনি আর জি কর-কাণ্ডকে ঘিরে নতুন ছবির ঘোষণা করেছেন। অন্যদিকে সাংবাদিকতার পাশাপাশি একক মাতৃত্বের সিদ্ধান্ত নিয়ে আগেই আলোচনায় এসেছিলেন স্বর্ণালী। গত বছর তাঁর জীবনে আসে দুই কন্যাসন্তান। সেই পরিবারেই রবিবার যোগ হল নতুন অধ্যায়। বহু দিনের জল্পনার পর রাজনীতি ও সংবাদমাধ্যমের দুই পরিচিত মুখের সম্পর্ক পেল আনুষ্ঠানিক পরিণতি।





