কোচবিহার, ২১ মার্চ : এক মাস রোজা রাখার পর পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করলেন কোচবিহারের মুসলিম সম্প্রদায়ের মানুষ। শনিবার সকালে কোচবিহার নতুন মসজিদ প্রাঙ্গণে ঈদের নামাজকে কেন্দ্র করে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো।শহর ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ভোর থেকেই মসজিদে উপস্থিত হতে শুরু করেন।নতুন পোশাকে সজ্জিত ছোট থেকে বড় সকলেই এই বিশেষ দিনের আনন্দ ভাগ করে নিতে একত্রিত হন।
ঈদের নামাজে উপস্থিত ছিলেন ইমাম সাহেবের পাশাপাশি কোচবিহার জেলা পরিষদের সহ-সভাপতি আব্দুল জলিল আহমেদ, কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাক আহমেদ সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। নামাজ শেষে সকলেই একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন, যা সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন হয়ে ওঠে।
এই পবিত্র দিনে ইমাম সাহেব দেশ ও বিশ্বের শান্তি, সমৃদ্ধি এবং সকল মানুষের মঙ্গল কামনায় বিশেষ দোয়া করেন।উপস্থিত মানুষেরাও একই প্রার্থনায় শামিল হন। ঈদের আনন্দে মেতে উঠে সকলে ভ্রাতৃত্ব ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেন, যা সমাজে সম্প্রীতি ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করে তোলে।





