খবরিয়া ২৪ বিনোদন ডেস্ক: ব্যক্তিগত জীবনে আরও এক খুশির মুহূর্তের সাক্ষী হতে চলেছেন জনপ্রিয় পরিচালক অ্যাটলি। দ্বিতীয়বার বাবা হতে চলেছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্টের মাধ্যমে এই আনন্দের খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অ্যাটলি ও তাঁর স্ত্রী প্রিয়া। স্ত্রীর সঙ্গে একটি আবেগঘন ছবি শেয়ার করে পরিচালক জানিয়েছেন, খুব শীঘ্রই তাঁদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য।
শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, অ্যাটলি ও প্রিয়া একে অপরের দিকে স্নিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। যৌথভাবেই এই সুখবর সকলের সামনে এনেছেন তাঁরা। ছবিগুলিতে ফুটে উঠেছে দম্পতির আনন্দ ও উত্তেজনা। অ্যাটলির এই ঘোষণার পর থেকেই সমাজমাধ্যমে শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে।
উল্লেখ্য, অ্যাটলি ও প্রিয়ার ইতিমধ্যেই একটি পুত্র সন্তান রয়েছে। তাঁদের তিন বছরের ছেলে মীরও ধরা পড়েছে শেয়ার করা ছবিগুলিতে। পরিবার নিয়ে তোলা আরও কয়েকটি ছবিতে দেখা যায়, দম্পতির একান্ত সুন্দর মুহূর্ত। সেই সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছে তাঁদের আদরের পোষ্যরাও। গোটা পরিবারকে ঘিরে সুখের আবহ স্পষ্ট।
কর্মজীবনের দিক থেকেও অ্যাটলির সময়টা অত্যন্ত সফল। ২০২৩ সালে শাহরুখ খানকে নিয়ে পরিচালিত ‘জওয়ান’ ছবির মাধ্যমে বক্স অফিসে কার্যত ঝড় তুলেছিলেন তিনি। দীর্ঘ সময় পর শাহরুখের বড় পর্দায় প্রত্যাবর্তন, নয়নতারা ও শাহরুখের অনবদ্য রসায়ন এবং অ্যাটলির টানটান গল্প বলার ভঙ্গি—সব মিলিয়ে ছবিটি বিপুল সাফল্য পায়। পরিচালক হিসেবে অ্যাটলি দেশজুড়ে প্রশংসিত হন।
নতুন বছরের শুরুতেই তাই ব্যক্তিগত জীবনে এল আরও এক আনন্দের খবর। পোস্টের ক্যাপশনে অ্যাটলি লিখেছেন, “আমাদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। তার সঙ্গে সঙ্গে আমাদের আনন্দও আরও বাড়বে। হ্যাঁ, আমরা অন্তঃসত্ত্বা। আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসা এবং প্রার্থনা আমাদের প্রয়োজন।”অনুরাগী ও তারকা মহলের তরফে অ্যাটলি-প্রিয়াকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দেওয়া হয়েছে।





