মালদা, ২৩ মার্চঃ বিধানসভা নির্বাচনের আগে বড়সড় প্রতিবাদের পথে হাঁটলেন মানিকচক ব্লকের নাজিরপুর অঞ্চলের বাসিন্দারা। দীর্ঘদিন ধরে পাকা সেতুর দাবি পূরণ না হওয়ায় এবার ভোট বয়কটের ডাক দিলেন ছয়টি বুথের মানুষ। হাহাজান ঘাট এলাকায় প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে সামিল হন মহিলা-পুরুষ সকলেই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাজিরপুর অঞ্চলের লস্করপুর, লক্ষীকোল, জিতমানপুর-সহ একাধিক গ্রামের প্রায় ২০ হাজার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা কালিন্দ্রী নদীর ওপর একটি অস্থায়ী বাঁশের সেতু। বর্ষার সময় প্রায় চার মাস সেই সেতুও অচল হয়ে পড়ে। তখন নৌকাই একমাত্র ভরসা, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলেই অভিযোগ বাসিন্দাদের।
আন্দোলনকারীদের বক্তব্য, কয়েক দশক ধরে পাকা সেতুর দাবি জানিয়ে আসছেন তাঁরা। কিন্তু প্রতিবারই ভোটের আগে প্রতিশ্রুতি মিললেও বাস্তবে কোনও কাজ হয়নি। তাই এবারের নির্বাচনে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন এলাকাবাসী। সাফ জানিয়ে দিয়েছেন, সেতু নির্মাণের কাজ শুরু না হলে বুথে গিয়ে ভোট দেবেন না।
আন্দোলনকারী লক্ষী মণ্ডল ও রমা মাঝির কথায়, “আমাদের জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয়। আর কতদিন এই অবস্থায় থাকব?” নন্দলাল মণ্ডলও জানান, বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও সমাধান মেলেনি।
এদিকে, বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক তথা প্রার্থী গৌড় চন্দ্র মণ্ডল প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করেছেন। অন্যদিকে তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষ দাবি করেছেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
সব মিলিয়ে সেতু ইস্যুতে মানিকচকে উত্তেজনা তুঙ্গে, যা নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।





