খবরিয়া ২৪ ডেস্ক, ১৮ জানুয়ারিঃ জীবন যে কখন কোন মোড় নেবে, তা আগাম বোঝা প্রায় অসম্ভব। ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েনের মধ্যেই মঞ্চে দাঁড়িয়ে নিরলসভাবে নিজের শিল্পীসত্তার লড়াই চালিয়ে যাচ্ছেন দেবলীনা নন্দী। ঠিক এমনই এক কঠিন সময়ে এল তাঁর কেরিয়ারের এক বড় সুখবর, যা কার্যত নতুন দিশা দেখাতে চলেছে তাঁকে।
দীর্ঘদিন ধরেই টলিপাড়ায় গুঞ্জন ছিল বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর জীবনী নিয়ে ছবি তৈরির। অবশেষে সেই পরিকল্পনা বাস্তব রূপ পাচ্ছে প্রযোজক রানা সরকারের হাত ধরে। ‘গুন গুন করে মহুয়া’ নামের এই ছবিতে মহুয়া রায়চৌধুরীর চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’-খ্যাত অঙ্কিতা মল্লিক। ছবিটি পরিচালনা করছেন রাজদীপ ঘোষ।
এই ছবির সবচেয়ে বড় চমক, এখান থেকেই প্লেব্যাক দুনিয়ায় পা রাখতে চলেছেন দেবলীনা নন্দী। শনিবার প্রযোজকের অফিসে গিয়ে ছবি ও গান নিয়ে চূড়ান্ত আলোচনা সেরে ফেলেছেন তিনি। ছবিতে ব্যবহৃত হবে মহুয়া রায়চৌধুরী অভিনীত জনপ্রিয় ও কালজয়ী ছবির গানগুলি, যা নতুন কণ্ঠে গাইবেন দেবলীনাই।
এই প্রসঙ্গে দেবলীনা জানান, সুযোগ পেয়ে তিনি ভীষণ খুশি হলেও কিছুটা নার্ভাস। তাঁর কথায়, “এত জনপ্রিয় গান নিজের কণ্ঠে ধারণ করা বিশাল দায়িত্ব। তবে এটা আমার কাছে স্বপ্নপূরণের মতো।” তাঁর মতে, ব্যক্তিগত জীবনের লড়াই এখনও শেষ না হলেও এই সুযোগ তাঁকে নতুন করে শক্তি জোগাচ্ছে।
প্রযোজক রানা সরকার বলেন, মহুয়া রায়চৌধুরীর জীবনের ট্র্যাজেডি যেমন গভীর, তেমনই দেবলীনাকে ঘিরে চলা সংগ্রামও তিনি কাছ থেকে দেখেছেন। সেই আবেগ থেকেই দেবলীনাকে এই ছবিতে গান গাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তাঁর বিশ্বাস, দেবলীনাদের কণ্ঠে ধরা পড়বে যন্ত্রণা, লড়াই ও জীবনের গভীর অনুভব।
সব মিলিয়ে ‘গুন গুন করে মহুয়া’ শুধুমাত্র একটি বায়োপিক নয়, বরং দুই লড়াকু নারীর জীবনের এক অনন্য মিলন অতীত ও বর্তমান যেন এক সুরে বাঁধা পড়ছে।





