মালদা, ৩১ মার্চঃ বুকিং করার পরেও সময়মতো রান্নার গ্যাস না মেলায় ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকেরা। মঙ্গলবার মালদা শহরের মনস্কামনা রোড এলাকায় খালি গ্যাস সিলিন্ডার রাস্তায় ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বহু গ্রাহক। অভিযোগ, বারবার বুকিং করেও নির্ধারিত সময়ে গ্যাস সরবরাহ করা হচ্ছে না।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকাতেই অবস্থিত ‘উত্তরণ এইচপি গ্যাস সার্ভিস’ নামে একটি গ্যাস ডিস্ট্রিবিউটর সংস্থার অফিস। গ্রাহকদের দাবি, গ্যাস বুকিং করার পর দিন কেটে গেলেও সিলিন্ডার পৌঁছচ্ছে না বাড়িতে। ফোন করলেও কেউ ধরছেন না, এমনকি অফিসে এসে যোগাযোগের চেষ্টা করলেও মিলছে না কোনও সদুত্তর। এদিন দেখা যায়, অফিসটিও বন্ধ ছিল, যা নিয়ে ক্ষোভ আরও বাড়ে গ্রাহকদের মধ্যে।
এই পরিস্থিতিতে ক্ষুব্ধ গ্রাহকেরা রাস্তায় সিলিন্ডার রেখে অবরোধ শুরু করেন। ফলে এলাকায় যান চলাচলে ব্যাঘাত ঘটে। বিক্ষোভকারীদের দাবি, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে হবে এবং সমস্যার স্থায়ী সমাধান করতে হবে।
উল্লেখ্য, এই প্রথম নয়। গত ২৪ তারিখেও একই সংস্থার বিরুদ্ধে গ্যাস কালোবাজারির অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। পুনরায় একই ঘটনার পুনরাবৃত্তিতে ক্ষোভ ক্রমেই তীব্র হচ্ছে এলাকায়।





