খবরিয়া ২৪ ডেস্ক, ২ মার্চঃ প্রাক দোল উৎসব উপলক্ষে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম-এর মঞ্চ থেকে নির্বাচন কমিশন ও বিজেপি সরকারের বিরুদ্ধে নজিরবিহীন ভাষায় আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে লক্ষ লক্ষ প্রকৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেশে এক চরম সাংবিধানিক সংকট তৈরি করা হচ্ছে।
সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “ভ্যানিশ কুমার এখন মানুষের নাম ভ্যানিশ করতে চাইছেন। দেশে এখন সাংবিধানিক সংকট চলছে।” তিনি সরাসরি ভারতের নির্বাচন কমিশন-কে পক্ষপাতদুষ্ট বলে দাবি করেন। তাঁর অভিযোগ, সঠিক যাচাই ছাড়াই প্রায় ৫৮ লক্ষ মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। “দুই বছর আগে যারা ভোট দিয়েছিল, তাদের নামও কেটে দেওয়া হয়েছে,” বলেন তিনি।
ভোটার তালিকায় লিঙ্গ বৈষম্যের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, এক একটি পরিবারে স্বামীর নাম থাকলেও স্ত্রীর নাম নেই। “আমাদের সমাজে বিয়ের পর স্বামীর পরিচয়েই স্ত্রীর পরিচয় হয়, অথচ তাঁদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে,” অভিযোগ করেন তিনি।
এসআইআর পরবর্তী তালিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করে তিনি দাবি করেন, নিচুতলার কর্মীরা পরিশ্রম করলেও ওপরতলা থেকে ষড়যন্ত্র করে নাম বাদ দেওয়া হচ্ছে। তাঁর কথায়, বিজেপি ও নির্বাচন কমিশন মিলে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বেছে বেছে নাম বাদ দিয়েছে।
এদিন বিজেপির রথযাত্রাকেও কটাক্ষ করেন তিনি। “এই রথযাত্রাই আপনাদের শেষ যাত্রা হবে,” বলেন মমতা। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে জানান, মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় তৃণমূল চুপ করে বসে থাকবে না। দোলের উৎসব শেষ হলেই এই অন্যায়ের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার বার্তা দেন তিনি।





