কলকাতা, ১২ এপ্রিলঃ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা চূড়ান্ত করার কাজ জোরকদমে এগোচ্ছে নির্বাচন কমিশন। বিচারাধীন সমস্ত ভোটারের নিষ্পত্তি সম্পন্ন হয়েছে এবং যোগ্য ভোটারদের নাম চূড়ান্ত তালিকায় যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই বুথভিত্তিক চূড়ান্ত তালিকা প্রকাশের কাজ চলছে এবং তা জেলায় জেলায় পাঠানোও শুরু হয়েছে।
কমিশন সূত্রে জানা গিয়েছে, এসআইআর প্রক্রিয়ায় প্রথম তালিকা প্রকাশের পর প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম ‘বিচারাধীন’ অবস্থায় ছিল। পরে কলকাতা হাইকোর্ট-এর নিযুক্ত বিচারকদের তত্ত্বাবধানে সেই নামগুলির পর্যালোচনা করা হয়। আটটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর দেখা যায়, প্রায় ৩৩ লক্ষ ভোটারকে যোগ্য বলে গণ্য করা হয়েছে। তাঁদের নাম এখন মূল তালিকায় যুক্ত করা হচ্ছে।
অন্যদিকে, প্রায় ২৭ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। এই বিপুল সংখ্যক ভোটার আদৌ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিষয়টি এখন বিচারাধীন এবং সুপ্রিম কোর্টের আসন্ন শুনানিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এদিকে, প্রথম দফার ভোটের দিন ২৩ এপ্রিল নির্ধারিত হয়েছে এবং মোট ১৫২টি কেন্দ্রের ভোটার তালিকা ইতিমধ্যেই ‘ফ্রিজ’ করা হয়েছে। অর্থাৎ, নতুন করে আর কোনও নাম সংযোজন বা বিয়োজন করা হবে না।
তবে তালিকা প্রকাশের মধ্যেই দেখা দিয়েছে প্রযুক্তিগত সমস্যা।
কমিশনের ওয়েবসাইটে বারবার গণ্ডগোলের কারণে অনেকেই অনলাইনে তালিকা ডাউনলোড করতে পারছেন না। যদিও সূত্রের খবর, এই টেকনিক্যাল সমস্যা দ্রুত মিটে যাবে এবং তার পরেই সাধারণ মানুষ সহজেই নতুন তালিকা দেখতে ও ডাউনলোড করতে পারবেন।যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের জন্য ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ রাখা হয়েছে। অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।





