খবরিয়া ২৪ ডেস্ক, ৫ ফেব্রুয়ারিঃ রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়ে দিয়েছে, ডিএ সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, চলতি বছরের মার্চ মাসের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ এবং মে মাসের মধ্যে বাকি ৭৫ শতাংশ পরিশোধ করতে হবে।
এই রায়ের পর বাজেট-পরবর্তী সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্য সরকার এখনও রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পায়নি। তাই রায়টি বিস্তারিতভাবে পর্যালোচনা না করে কোনও চূড়ান্ত মন্তব্য করতে তিনি রাজি নন। মুখ্যমন্ত্রীর কথায়, রায়টি খুঁটিয়ে দেখতে আইনজীবীদের সঙ্গে আলোচনা করা হবে এবং এই বিষয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, আদালত মে মাস পর্যন্ত সময় দিয়েছে। সেই সময়সীমার মধ্যেই রাজ্য সরকার কীভাবে এগোবে, তা পাঁচ সদস্যের কমিটির সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।
ডিএ প্রসঙ্গের পাশাপাশি সরকারি কর্মচারীদের পেনশন ব্যবস্থার কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, বহু রাজ্যে অবসরপ্রাপ্ত কর্মচারীরা পেনশন পান না, কিন্তু পশ্চিমবঙ্গে এখনও পেনশন চালু রয়েছে। তিনি বলেন, সামাজিক সুরক্ষার কথা ভেবেই রাজ্যে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প চালু করা হয়েছে।
উন্নয়ন প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, যারা কাজ করে তারা প্রচার করে না, বরং যারা কাজ করে না তারাই বেশি কথা বলে। তবে সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিস্তারিত মন্তব্য করতে তিনি আপাতত বিরত থাকেন।





