জলপাইগুড়ি, ২৩ ডিসেম্বর : চারিদিকে সবুজে ঘেরা বনজঙ্গল, রাত নামলেই হাতির উৎপাত—এই প্রতিকূলতার মধ্যেই ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে সাজিয়ে তোলা হচ্ছে ডুয়ার্সের বানারহাট এলাকার মোগলকাঠা ফরেস্ট বস্তির রাভা জনজাতিদের বসতি।
বড়দিনকে কেন্দ্র করে আলোকসজ্জায় সেজে উঠেছে একের পর এক বাড়িঘর ও রাভা জনজাতিদের গির্জা।গোটা বছরে এই উৎসবের জন্য অপেক্ষা করে থাকেন রাভা জনজাতির মানুষজনরা।২৪ ডিসেম্বর থেকেই শুরু হয় উৎসবের আমেজ, যা চলে বেশ কয়েকদিন ধরে।
২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে খুশির উৎসবে মেতে ওঠে গোটা এলাকা।এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে অংশ নিতে দূর-দূরান্ত থেকে বহু রাভা জনজাতির মানুষ মোগলকাঠা ফরেস্ট বস্তিতে এসে যোগ দেন।
উল্লেখযোগ্য বিষয় হলো,এই উৎসবে শুধু খ্রিস্টান ধর্মাবলম্বীরাই নন, বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষজনও মিলিত হয়ে অংশগ্রহণ করেন,যা সম্প্রীতির এক সুন্দর দৃষ্টান্ত তুলে ধরে।





