কোচবিহার, ১৩ নভেম্বরঃ প্রশাসনিক বৈঠক, অথচ সেখানে হাজির রাজনৈতিক দলের জেলা সভাপতি-সহ একাধিক সাংগঠনিক পদাধিকারী! কোচবিহারে খাদ্য ও সরবরাহ মন্ত্রী অশোক কীর্তনীয়ার প্রশাসনিক বৈঠক ঘিরে এ বার রাজনৈতিক বিতর্ক আরও জোরাল হল। বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন, জেলা মহিলা মোর্চার সভানেত্রী অর্পিতা নারায়ণ এবং বিজেপি নেতা জিবেশ বিশ্বাসের উপস্থিতি নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। এ বার সেই বিতর্কে সরব হলেন কংগ্রেস নেতা জ্যোতির্ময় চক্রবর্তী। তাঁর কটাক্ষ, প্রশাসনিক বৈঠকে প্রশাসনিক কর্তাদেরই আলোচনা করার কথা। সেখানে রাজনৈতিক দলের পদাধিকারীদের উপস্থিতির প্রয়োজন কী?
শুক্রবার কোচবিহারে এসে প্রশাসনিক বৈঠক করেন রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী অশোক কীর্তনীয়া। বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহার দক্ষিণের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন বসু এবং প্রশাসনের একাধিক আধিকারিক। খাদ্য ও সরবরাহ দফতরের বিভিন্ন বিষয় নিয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন মন্ত্রী। তবে বৈঠকের আলোচ্যসূচির পাশাপাশি উপস্থিতির তালিকাও নজর কাড়ে।
সরকারি প্রশাসনিক বৈঠকে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী, জনপ্রতিনিধি এবং প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতি স্বাভাবিক। কিন্তু সেখানে রাজনৈতিক দলের জেলা সভাপতি, মহিলা মোর্চার সভানেত্রী কিংবা অন্য সাংগঠনিক নেতাদের উপস্থিতি কতটা যুক্তিসংগত, তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করে।
বিতর্কের আবহে বিজেপি নেতৃত্বের উপস্থিতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন মন্ত্রী অশোক কীর্তনীয়া। তাঁর বক্তব্য, ‘‘আমাদের মিটিং ছিল প্রশাসনের একাধিক আধিকারিকদের সঙ্গে। জেলা সভাপতি এসেছেন, তিনি আসতেই পারেন। তিনি জনপ্রতিনিধি। এটা তৃণমূল দল নয়, এটা রাষ্ট্রবাদী দলের সভাপতি, আসতেই পারেন।’’
অন্য দিকে, বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মনের বক্তব্য, ‘‘মন্ত্রীসাহেব যা বলার বলে দিয়েছেন। আমরা জনগণের কাজ করতে এসেছি। এখানে অফিসিয়াল আর নন-অফিসিয়াল ব্যাপার নেই।’’
এবার এই যুক্তির পাল্টা প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা জ্যোতির্ময় চক্রবর্তী। তাঁর বক্তব্য, প্রশাসনিক বৈঠকে প্রশাসনিক আধিকারিকদেরই বৈঠক করার কথা। সেখানে জেলা সভাপতি অভিজিৎ বর্মন কিংবা মহিলা মোর্চার সভানেত্রীর উপস্থিতির প্রয়োজনীয়তা কোথায়? সাধারণ মানুষের কাজ করতে হলে প্রশাসনের সঙ্গে অন্য ভাবেও যোগাযোগ করা যায়। তার জন্য প্রশাসনিক বৈঠকে হাজির হতে হবে কেন? তাঁর অভিযোগ, উপরমহল থেকে বিজেপি নেতারা যে নির্দেশ দিচ্ছেন, সরকারি আধিকারিকেরা কার্যত সেই পথেই চলছেন।
মন্ত্রীর বক্তব্য এবং জেলা সভাপতির যুক্তির পরেও অবশ্য বিতর্ক থামেনি। বরং কংগ্রেসের কটাক্ষে তা নতুন মাত্রা পেয়েছে। সরকারি প্রশাসনিক বৈঠকে রাজনৈতিক দলের সাংগঠনিক নেতৃত্বের উপস্থিতি কতটা গ্রহণযোগ্য, আর প্রশাসনিক কাজের সঙ্গে দলীয় রাজনীতির সীমারেখা কোথায় কোচবিহারের রাজনৈতিক মহলে এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।




