কলকাতা, ১৭ মার্চঃ বিধানসভা ভোটের আগে বড়সড় চমক দিল তৃণমূল কংগ্রেস। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন-এ ঘাসফুল শিবিরে যোগ দিলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার শিবশংকর পাল। দল সূত্রে খবর, তাঁকে প্রার্থী করা হতে পারে তাঁর জন্মভূমি তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে।
মঙ্গলবার সকালে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য-র হাত ধরে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন শিবশংকর, যিনি ক্রীড়ামহলে ‘ম্যাকো’ নামেই বেশি পরিচিত। দীর্ঘদিন বাংলার হয়ে খেলার পাশাপাশি বর্তমানে বাংলা দলের বোলিং কোচ হিসেবেও যুক্ত রয়েছেন তিনি। সদ্যসমাপ্ত রঞ্জি ট্রফিতে তাঁর কোচিংয়েই খেলেছেন মহম্মদ শামি ও আকাশ দীপ।
দলীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর তিনটে নাগাদ তৃণমূল রাজ্যের ২৯৪টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে। তার আগেই শিবশংকরকে দলে টেনে এনে চমক দিয়েছে শাসক শিবির। উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে তুফানগঞ্জ কেন্দ্রে জয় পায়নি তৃণমূল। এবার সেই আসনে নতুন মুখ হিসেবে শিবশংকরকে সামনে আনা হচ্ছে।
দলে যোগ দিয়ে প্রাক্তন ক্রিকেটার বলেন, “আমি মাঠের মানুষ, সারাজীবন বাংলার হয়ে খেলেছি। আজ দেখছি বাংলা ভাষার জন্য মানুষকে হেনস্তা হতে হচ্ছে। তৃণমূল সেই অন্যায়ের বিরুদ্ধে লড়ছে বলেই এই দলে যোগ দিলাম।” তাঁর সংযোজন, “খেলা আমার জীবন এবারও বলব, খেলা হবে।”
উল্লেখ্য, প্রথম শ্রেণির ক্রিকেটে ২২০টি উইকেট রয়েছে শিবশংকরের ঝুলিতে। পাশাপাশি এদিন তৃণমূলে যোগ দিয়েছেন চিকিৎসক ডা. তনুশ্রী হাঁসদা এবং সমাজকর্মী আবদুল মতিন। তবে তাঁরা প্রার্থী হবেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।





