খবরিয়া ২৪ ডেস্ক, ২৭ ডিসেম্বরঃ বছর শেষ হতে আর মাত্র চারদিন বাকি। এর মধ্যেই স্কুল সার্ভিস কমিশন নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করেছে। পুজোর আগেই নেওয়া হয়েছিল এই নিয়োগ পরীক্ষা এবং ফলপ্রকাশ হওয়ায় আশাবাদী হয়েছিলেন বহু চাকরিপ্রার্থী। কিন্তু ফল বেরোলেও নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তথ্য যাচাই কবে শুরু হবে, তা নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্ন। এরই মধ্যে কমিশন সূত্রে খবর, চলতি বছরে নবম-দশমের জন্য তথ্য যাচাই প্রক্রিয়া শুরু হচ্ছে না।
প্রাথমিকভাবে এসএসসি সূত্রে জানানো হয়েছিল, ২৬ ডিসেম্বর থেকেই নবম-দশমের তথ্য যাচাই শুরু হবে। পরে সেই তারিখ পিছিয়ে ২৯ ডিসেম্বর করা হয়। কিন্তু সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, সোমবারও এই প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা কার্যত নেই। কমিশন সূত্রের দাবি, একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য তথ্য যাচাইয়ের সম্পূর্ণ প্রক্রিয়া শেষ না হলে নবম-দশমের যাচাই শুরু করা হবে না। ফলে বছরের শেষেও নবম-দশমের চাকরিপ্রার্থীদের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে।
উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের শিক্ষকপদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ লক্ষ ৬৬ হাজার। এর মধ্যে নবম-দশম শ্রেণির জন্য পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন। একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থী ছিলেন ২ লক্ষ ২৯ হাজার ৪৯৭ জন। নবম-দশম শ্রেণির ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা রয়েছে ২৩ হাজার ২১২টি। এত বিপুল সংখ্যক পরীক্ষার্থী থাকায় নিয়োগ প্রক্রিয়া নিয়ে স্বাভাবিকভাবেই নজর রয়েছে রাজ্যজুড়ে।
প্রসঙ্গত, চলতি বছরের ৩ এপ্রিল সুপ্রিম কোর্ট এসএসসি-র ২০১৬ সালের প্যানেল বাতিলের নির্দেশ দেয়। পাশাপাশি নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে ৩১ ডিসেম্বরের মধ্যে তা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে বাস্তবে এত স্বল্প সময়ে গোটা প্রক্রিয়া শেষ করা সম্ভব নয় বলে জানায় এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ। সেই কারণে শীর্ষ আদালতের কাছে অতিরিক্ত সময় চাওয়া হয়।
সম্প্রতি সুপ্রিম কোর্ট ৩১ ডিসেম্বরের সময়সীমা বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অগাস্ট পর্যন্ত সময় দিয়েছে। পাশাপাশি নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সম্ভাব্য যোগ্য প্রার্থীদের চাকরির মেয়াদ বাড়ানোর আবেদনেও সাড়া দিয়েছে আদালত। ফলে কমিশনের হাতে আপাতত কিছুটা সময় এলেও নবম-দশমের তথ্য যাচাই কবে শুরু হবে, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।





