শিলিগুড়ি, ১৮ ডিসেম্বরঃ সাহুডাঙ্গি থেকে বেলাকোবা যাওয়ার প্রধান ক্যানালের উপর অবস্থিত ব্রিজের কাজ অবশেষে শুরু করল পূর্ত দপ্তর। দীর্ঘ প্রায় ছয় মাস ধরে বন্ধ ছিল এই গুরুত্বপূর্ণ ব্রিজটি। সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে বিষয়টি উঠে আসার পরই নড়েচড়ে বসে প্রশাসন। কাজ শুরু হতেই একদিকে যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এলাকাবাসী, তেমনই অন্যদিকে রয়ে গেছে ক্ষোভ ও অসন্তোষ।
এই ব্রিজটি সাহুডাঙ্গি ও বেলাকোবার মধ্যে যাতায়াতের অন্যতম প্রধান রাস্তা। ব্রিজ বন্ধ থাকায় দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছিল। বিশেষ করে স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ ও নিত্যযাত্রীদের অনেকটা পথ ঘুরে চলাচল করতে হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ব্রিজ সংস্কারের কাজ শুরু হলেও বিকল্প রাস্তা বা অস্থায়ী ব্রিজের কোনও ব্যবস্থা করা হয়নি।
এক স্থানীয় বাসিন্দা জানান, “ব্রিজ বন্ধ থাকায় সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে স্কুলের বাচ্চারা। প্রতিদিন অনেকটা বেশি পথ ঘুরে স্কুলে যেতে হচ্ছে। কাজ শুরু হওয়ায় ভালো লাগছে, কিন্তু বিকল্প রাস্তার ব্যবস্থা না থাকায় অসুবিধা থেকেই যাচ্ছে। কবে বিকল্প ব্রিজ হবে, সেটাই এখন দেখার।”
অন্যদিকে, বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সোমিজউদ্দিন আহমেদ জানান, খবরে জেরে ব্রিজের কাজ শুরু হওয়ায় তিনি খুশি। পাশাপাশি তিনি বলেন, “সাধারণ মানুষের অসুবিধার বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। বিকল্প ব্রিজ বা অস্থায়ী যাতায়াত ব্যবস্থার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।”
এলাকাবাসীর একটাই দাবি, ব্রিজের কাজ দ্রুত শেষ করার পাশাপাশি যত তাড়াতাড়ি সম্ভব বিকল্প যাতায়াতের ব্যবস্থা করা হোক। কাজ শুরু হলেও কবে মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে, সেটাই এখন বড় প্রশ্ন।





